২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরীক্ষা হালনাগাদের প্রতিশ্রুতি নতুন সিএজির

নিরীক্ষা প্রতিবেদন হালনাগাদ করার উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ।

আবদুর রহিম হারমাছি

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2013, 03:54 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

সোমবার প্রথমদিন অফিস করার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমার প্রথম কাজ হবে অডিট রিপোর্টগুলো হালনাগাদ করা।”

সবার সহযোগিতা নিয়ে এই কাজে সফল হবেন বলে প্রত্যাশা তার।

১৯৮১ ব্যাচের বিসিএস কর্মকর্তা (নিরীক্ষা ও হিসাব ক্যাডার) মাসুদ পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন।

রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন নতুন সিএজিকে শপথ পড়ান।

সোমবার সকাল ৯টার দিকে কাকরাইলে অডিট ভবনে যান তিনি।

মঙ্গলবার থেকে পুরোদমে কাজ শুরু করবেন তিনি। আটকে পড়া বার্ষিক নিরীক্ষা প্রতিবেদনগুলো হালনাগাদের প্রতিশ্রুতি দিয়ে মাসুদ আহমেদ বলেন, “গত কয়েক বছরে সিএজি অফিসের কর্মকাণ্ড গতিশীল হয়েছে। এরপরও তিন-চার বছর আগের সময়ের অডিট রিপোর্ট করা হয়।”

সবশেষ ২০০৯-২০১০ অর্থবছরের অডিট আপত্তিগুলোর প্রতিবেদন করা হয়েছে।

সিএজি অফিস সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও বিভাগের সব ধরনের আর্থিক আয়-ব্যয় ও কেনাকাটাসহ নানা ধরনের আর্থিক লেনদেনের অডিট করে থাকে।

নিরীক্ষা আপত্তি রাষ্ট্রপতির কার্যালয় ঘুরে সংসদে যায়। সংসদের সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় কমিটি আপত্তি নিষ্পত্তির সিদ্ধান্ত দেয়।

মাসুদ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে সম্মানসহ স্নাতকোত্তর ও ইংল্যান্ড থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নেন। পেশাগত জীবনের বাইরে তিনি একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী।