২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেজারি বন্ড বাজারে এল

আবারো দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ড চালু করলো সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 02:36 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠিয়েছে।

ওই প্রজ্ঞাপনে রি-ইস্যুয়েন্স পদ্ধতি প্রচলন, বাংলাদেশে নিবাসীদের কাছে অনিবাসীর ধারণকৃত ট্রেজারি বন্ড এক বছরের মধ্যে বিক্রি না করার শর্ত প্রত্যাহার এবং অনলাইনে ট্রেজারি বন্ডের বিল দাখিলের সিদ্ধান্ত জানানো হয়েছে।

এই বন্ডের মাধ্যমে চলতি অর্থবছরের বাকি সময়ে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ৭০০ কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।

সরকার বাজেট ঘাটতি মেটানোর জন্য ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিয়ে থাকে। এই ঋণ সাধারণত ট্রেজারি বন্ড ও বিল বিক্রির মাধ্যমে নেওয়া হয়। বর্তমানে ৫, ১০, ১৫ ও ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড চালু রয়েছে।

এছাড়া সরকারের বেশ কিছু ট্রেজারি বিলও চালু রয়েছে, রয়েছে বাংলাদেশ ব্যাংক বিল নামে আরেকটি বিল। দুই বছর মেয়াদি ট্রেজারি বিলও এক সময় ছিল। কিন্তু গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তা বন্ধ করে দেয়া হয়।

বর্তমানে এসব বন্ড ও বিলের বিপরীতে সুদ হার কলমানি সুদ হারের তুলনায় বেশি। কিন্তু ব্যাংকগুলো বিলে বিনিয়োগ করলেও বন্ডে বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে না।

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানান, ব্যাংকগুলো চাচ্ছে স্বল্প মেয়াদে বিনিয়োগ করতে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এই বিষয়টি সরকারের কাছে উপস্থাপন করে এবং সরকারকে তা বোঝাতে সক্ষম হয়েছে।

সরকার এসব বন্ড পুঁজি বাজারেও তালিকাভূক্ত। কিন্তু পুঁজি বাজারে এসব বন্ডের কেনা বেচা নেই বললেই চলে।

বন্ডে শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগকারীদের ওপর এক বছরে লক-ইন পিরিয়ড ছিল। অর্থাৎ কোনো বিদেশি এই বন্ড কিনলে এক বছরের মধ্যে বিক্রি করতে পারতেন না। এখন তা প্রত্যাহার হয়েছে। এখন থেকে অন্যান্য শেয়ার যেভাবে বিক্রি করতে পারে একইভাবে বন্ডও বিক্রি করতে পারবে।