২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হল-মার্ককে ঋণ আর নয়’

ঋণ কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মধ্যে থাকা হল-মার্ক গ্রুপকে আর অর্থ দিতে রাজি নয় সোনালী ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 05:36 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

অর্থ মন্ত্রণালয়ের একটি চিঠি পেয়ে রাষ্ট্রায়াত্ত ব্যাংকটি যে খসড়া প্রতিবেদন তৈরি করেছে, তাতে এই অবস্থান প্রকাশ পেয়েছে।

এতে বলা হয়েছে- “এই প্রতিষ্ঠানকে (হল-মার্ক) পুনরায় অর্থায়ন করা হলে এই জাতীয় অপরাধ প্রবণতা ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে।”

এছাড়া প্রতিষ্ঠানটির পরিস্থিতি এতই ‘ভঙ্গুর’ যে সেখানে পুনরায় বিনিয়োগের কোনো সুযোগ নেই বলে উল্লেখ করা হয়েছে।

ওই প্রতিবেদন চূড়ান্ত করতে সোমবার বৈঠক করেছে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ।

এই বৈঠকে আলোচনা শেষ হয়নি জানিয়ে ব্যাংক চেয়ারম্যান এ এইচ এম হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, “বিষয়টি বেশ জটিল। যে কারণে একটি বৈঠকে সিদ্ধান্ত নেয়া যাবে না। আমরা আবারও বসব।”

তবে তিনি বলেছেন, “হল-মার্ক একবার চুরি করে বিপুল সম্পত্তি নিয়ে গেছে। তাদেরকে আর চুরির সুযোগ দেয়া হবে না। সোনালী ব্যাংক টাকা উদ্ধারের সর্বাত্মক চেষ্টা করবে।”

Image
‘২৩২ কোটি টাকা ফেরত দিয়েছে হল-মার্ক’

‘২৩২ কোটি টাকা ফেরত দিয়েছে হল-মার্ক’

কর্মচারীদের বিষয়টি বিবেচনায় নিয়ে হল-মার্ক কারখানাটি পুনরায় চালুর পক্ষে সম্প্রতি মত প্রকাশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

‘কারখানাটি চালু করতে আরো অর্থায়নের প্রয়োজন হতে পারে’- গত ২৭ মার্চ অর্থমন্ত্রীর এই বক্তব্যের পর সমালোচনা ওঠে যে তিনি হল-মার্ককে আরো অর্থ দিতে চাইছেন, যে কারখানার বিরুদ্ধে সোনালী ব্যাংকের আড়াই হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে।

এরপর অর্থ মন্ত্রণালয় থেকে সোনালী ব্যাংককে চিঠি পাঠানো হয়, তাতে হল-মার্কের সব দায়-দেনা নিয়মিত করে পুনরায় ব্যাংকিং কার্যক্রম চালুসহ সার্বিক ব্যবসায়িক কার্যক্রম শুরু করা যায় কি না, সে বিষয়ে একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদন জরুরি ভিত্তিতে পাঠাতে বলা হয়।

এরপর সোমবার বিশেষ বৈঠকে বসে ব্যাংকটির পরিচালনা পর্ষদ, যাতে হল-মার্কের দায়-দেনা, সম্পদ, ব্যবসায়িক পরিস্থিতি বিষয়ে একটি সারসংক্ষেপ প্রতিবেদন উপস্থাপন করা হয়।

ব্যাংকের পরিচালক সেলিমা আহমেদ সাংবাদিকদের বলেন, হল-মার্ক যে সব জামানত দিয়েছে তার কতটা বাস্তবে আছে, মুল্যায়ন ঠিকভাবে করা হয়েছে কি না, সম্পদগুলোর হল-মার্কের দখলে আছে কি না, মিউটেশন করা আছে কি না, তা দেখা হচ্ছে।

ঋণ কেলেঙ্কারির পর হল-মার্কের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা বেশ কয়েকটি মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক কারাগারে রয়েছেন।

পুরনো খবর:

‘ব্যবস্থাপনার গলদে হল-মার্ক কেলেঙ্কারি