২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে মন্দায় বাড়ছে সঞ্চয়পত্রের বিক্রি

পুঁজিবাজারে এক বছরেরও বেশি সময় ধরে মন্দার প্রভাবে সঞ্চয়পত্রে বিনিয়োগ বেড়েছে উল্লেখযোগ্য হারে।

আবদুর রহিম হারমাছি

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 03:48 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম আট মাসেই গত অর্থবছরের পুরো সময়ের চেয়ে প্রায় একশ’ কোটি টাকার বেশি সঞ্চয়পত্র বিক্রি হয়েছে।

গত অর্থবছর ৪৭৯ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল। আর চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে বিক্রি হয়েছে ৫৪৩ কোটি টাকার সঞ্চয়পত্র।

গত অর্থবছরের প্রথম আটমাসে (জুলাই-ফেব্রুয়ারি) যত টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল গ্রাহকদের কাছে বিক্রি করা আগের সঞ্চয়পত্রের সুদ-আসল বাবদ তার চেয়ে ১০৮ কোটি টাকা বেশি পরিশোধ করতে হয়েছিল সরকারকে।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত দেড়-দুই বছর ধরে শেয়ারবাজারে মন্দা চলছে। নানা চেষ্টার পরও বাজার স্বাভাবিক হচ্ছে না।

“নির্বাচনের আগে বাজার ভালো হবে বলে অনেকের প্রত্যাশা ছিল। কিন্তু তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সংঘাতময় রাজনীতির কারণে প্রতিদিনই কমছে শেয়ারের দর। সে কারণে সবাই এখন ঝুঁকিমুক্ত সঞ্চয়পত্র কিনছে।”

এছাড়া হলমার্ক কেলেঙ্কারিসহ বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির ঘটনায় ব্যাংকগুলোর প্রতি মানুষের ‘আস্থা কমায়’ সঞ্চয়পত্রের বিক্রি বাড়ছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ।

বর্তমানে দেশে চার ধরনের সঞ্চয়পত্র চালু আছে। এগুলো হচ্ছে- পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মান অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র এবং পরিবার সঞ্চয়পত্র।

এগুলোর সুদের হার সাড়ে ১১ থেকে সাড়ে ১২ শতাংশের মধ্যে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০১১-১২ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত ৬৩ হাজার ৯১৭ কোটি ৩৪ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল। চলতি অর্থবছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিক্রি বেড়ে ৬৪ হাজার ৪৬০ কোটি টাকায় দাঁড়িয়েছে। অর্থ্যাৎ চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-অগাস্ট) ৫৪৩ কোটি টাকার নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে।

২০১০-১১ অর্থবছরে দুই হাজার ৫৬ কোটি ৯০ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি (নিট) হয়। কিন্তু মেয়াদ শেষে সঞ্চয়পত্রের সুদ থেকে উৎসে কর কাটা নিয়ে জটিলতার কারণে ২০১১-১২ অর্থবছরে তা ৪৭৯ কোটি দুই লাখ টাকায় নেমে আসে।

বাজেট ঘাটতি মেটাতে চলতি অর্থবছরের বাজেটে জাতীয় সঞ্চয় প্রকল্পগুলো থেকে সাত হাজার ৪০০ কোটি টাকার ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরেছিল সরকার। কিন্তু বিক্রি আশানুরুপ না হওয়ায় এখন পর্যন্ত এ খাত থেকে সরকার কোনো ঋণ নেয়নি।

গত অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্র থেকে ছয় হাজার কোটি টাকার ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হলেও বিক্রি ভালো না হওয়ায় পরে তা তিন হাজার ৫০০ কোটি টাকায় নামিয়ে আনা হয়।

পুরনো খবর:

বিক্রি বাড়াতে সঞ্চয়পত্রে সুদ বাড়ানোর উদ্যোগ