বিক্রি বাড়াতে সঞ্চয়পত্রে সুদ বাড়ানোর উদ্যোগ
সঞ্চয়পত্রের বিক্রি বাড়াতে সুদের হারসহ বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।
এছাড়া সঞ্চয়পত্রগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘পরিবার সঞ্চয়পত্র’সহ সব ধরনের সঞ্চয়পত্রে বিনিয়োগের সীমাও বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে সরকারের।
বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসাবে পরিচিত হলেও সঞ্চয়পত্রের বিক্রি সম্প্রতি আশঙ্কাজনকভাবে কমে আসায় বৃহস্পতিবার অর্থমন্ত্রণালয় কমিটির বৈঠকে এ সব সিদ্ধান্ত বাস্তাবায়নের সুপারিশ করেছে অর্থ বিভাগের ক্যাশ ও ডেবট ম্যানেজমেন্ট কমিটি।
অর্থ সচিব ফজলে কবিরের সভাপতিত্বে সচিবালয়ে ওই বৈঠকে জাতীয় সঞ্চয় পরিদপ্তর, বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
জাতীয় সঞ্চয় পরিদপ্তরের পরিচালক তাহমিনা মিনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সঞ্চয় প্রকল্পগুলোকে আরও আকর্ষণীয় করার জন্য বেশ আগেই ক্যাশ ও ডেবট ম্যানেজমেন্ট কমিটি কিছু প্রস্তাব দিয়ে রেখেছে। অর্থ মন্ত্রণালয় প্রস্তাবগুলো পর্যালোচনা করছে। অনুমোদন হলে সঞ্চয় পরিদপ্তর তা বাস্তবায়নে কাজ করবে।”
বৈঠকে উপস্থিত জাতীয় সঞ্চয় পরিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে ৭ হাজার ৪০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অথচ অর্থবছরের প্রথম সাত মাসে(জুলাই থেকে জানুয়ারি) এ খাত থেকে ৫০০ কোটি টাকাও সংগ্রহ করা সম্ভব হয়নি।
“বাকি ৫ মাসে বাজেটের লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্থ সংগ্রহ করতে হলে সঞ্চয়পত্রের সুবিধা বাড়ানোর বিকল্প নেই। এ কারণেই এসব উদ্যোগ”, বলেন ওই কর্মকর্তা।
সংশ্লিস্টরা আশা করছেন, সঞ্চয়পত্রে বিনিয়োগের সুবিধা বাড়ানো হলে সাধারণ জনগণ এ খাতে বিনিয়োগ বাড়াবে। এ জন্য সব ধরনের সঞ্চয়পত্রেরই বিনিয়োগ কাঠামো পরিবর্তন করে গ্রাহকের কাছে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা চলছে।
সঞ্চয় পরিদপ্তর ইতোমধ্যে প্রচলিত সঞ্চয়পত্রগুলোর নতুন কাঠামো তৈরি করেছে। অর্থমন্ত্রণালয়ের অনুমোদন করলেই তা ঘোষণা করা হবে বলে কর্মকর্তারা জানান।
সঞ্চয়পত্রের সুবিধা বাড়ানোর উদ্যোগের মধ্যে পারিবারিক সঞ্চয়পত্র ভাঙানোর ন্যূনতম সময় কমিয়ে আনা এবং
পারিবারিক সঞ্চয়পত্র ভাঙ্গানোর ক্ষেত্রে মুনাফা পাওয়ার ন্যূনতম মেয়াদ এক বছর থেকে কমিয়ে ছয় মাস করার কথা ভাবা হচ্ছে। বর্তমানে এক বছর মেয়াদ পূর্তির আগে পারিবারিক সঞ্চয়পত্র ভাঙ্গানো হলে মুনাফা দেওয়া হয় না।
একইসঙ্গে পারিবারিক সঞ্চয়পত্রের বিনিয়োগ সীমা ৪৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫০ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
পেনশনার সঞ্চয়পত্রে বর্তমানে সর্বোচ্চ ৫০ লাখ টাকা বিনিয়োগ করার সুযোগ রয়েছে। জাতীয় সঞ্চয় পরিদপ্তর এই সর্বোচ্চ সীমা তুলে নেয়ার প্রস্তাব করেছে।
পাঁচ বছর মেয়াদী সঞ্চয়পত্রে বর্তমানে একক নামে সর্বোচ্চ ৩০ লাখ টাকা ও যৌথভাবে ৬০ লাখ টাকা বিনিয়োগ করা যায়। পরিদপ্তরের প্রস্তাবে বলা হয়েছে, এই বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে একক নামে ৬০ লাখ ও যৌথ নামে এক কোটি টাকা বিনিয়োগের সুযোগ দেয়া যেতে পারে।
৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রেও বিনিয়োগের ঊর্ধ্বসীমা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এক্ষেত্রে বর্তমানে একক নামে ৩০ লাখ ও যৌথ নামে ৬০ লাখ টাকা বিনিয়োগ করা যায়। এটি বাড়িয়ে একক নামে ৫০ লাখ এবং যৌথ নামে এক কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া ডাকঘর সঞ্চয়পত্রে মাসিক কিস্তি প্রতি মাসে না দেওয়া হলে সঞ্চয়পত্র বাতিল করার যে নিয়ম আছে তা বাতিল করে জরিমানা দিয়ে পরের মাসে কিস্তি নেওয়ার ব্যবস্থা চালু করার সুপারিশ এসেছে।
বর্তমানে পারিবারিক সঞ্চয়পত্রে ১৩ দশমিক ৪৫ শতাংশ, পেনশনার সঞ্চয়পত্রে ১৩ দশমিক ১৯ শতাংশ, ৫ বছর মেয়াদি সঞ্চয়পত্রে ১৩ দশমিক ১৯ শতাংশ, ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে ১২ দশমিক ৫৯ শতাংশ এবং ডাকঘর সঞ্চয়পত্রে ৭ দশমিক ৫০ শতাংশ হারে সুদ দেওয়া হয়। তবে মেয়াদ পূর্তির আগে কোনো সঞ্চয়পত্র ভাঙ্গানো হলে সুদ হারে কিছুটা তারতম্য হয়।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ১৭৭ কোটি ৪২ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। গত বছরের এ সময়ে এর পরিমাণ ছিল ৩৩৪ কোটি টাকা।
