বেসিক ব্যাংকের সোয়া তিনশ কোটি টাকা ঋণ বন্ধ
নিয়ম মেনে ঋণ না দেয়ায় বিশেষায়িত ব্যাংক বেসিক ব্যাংকের ১৩ গ্রাহকের ৩২৩ কোটি টাকার ঋণদান আটকে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংকটির ব্যবস্থপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশ ব্যাংকের ঋণ সংক্রান্ত বিভাগের সিআইবি রিপোর্টসহ কিছু বিষয়ে ঘাটতি ছিলো। যে কারণে কেন্দ্রীয় ব্যাংক ঋণ বিতরণ বন্ধ রাখতে বলেছে।”
বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে দেখা গেছে, এই বিপুল পরিমাণের ঋণের বিপরীতে ব্যাংকটি প্রয়োজনীয় জামানত রাখেনি। আবার যেসব জামানত দেখানো হয়েছে তার অধিকাংশ কাগুজে। এছাড়া ঋণ গ্রহীতাদের সিআইবি প্রতিবেদন নেয়নি ব্যাংক। প্রতিষ্ঠানগুলোর নেই কোন ক্রেডিট রেটিংও।
তবে ব্যাংকের প্রধান নির্বাহী বলেছেন, “জামানত নেয়া হয়নি এ কথা ঠিক নয়।”
সরকার মালিকানাধীন এই ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৩১৫তম সভায় এসব ঋণ অনুমোদন করা হয়।
বাংলাদেশ ব্যাংক থেকে অর্থমন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে বলা হয়েছে, “বেসিক ব্যাংকের গুলশান, শান্তিনগর, বংশাল, দিলকুশা ও মৌলভীবাজারের চৌমোহনা শাখার ১৩ জন গ্রাহককে ৩২২ কোটি ৯০ লাখ টাকা ঋণ বিতরণে ব্যাংকিং নিয়ম-নীতি মানা হয়নি।”
এসব ঋণ ঝুঁকিপূর্ণ ও সন্দেহজনক বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংকিং সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন “অনেক দিন ধরেই বেসিক ব্যাংক সম্পর্কে নানান অভিযোগ আসছে। বিশেষ করে ঋণ বিতরণে নিয়ম না মানা, বেনামি ঋণ, যাচাই-বাছাই না করে অন্য ব্যাংকের মন্দ ঋণ কেনা, জনবল নিয়োগ, পদোন্নতি ইত্যাদি অভিযোগ।”
তিনি বলেন, “যে কারণে ব্যাংকটির ২০১১ ও ২০১২ সালে বিতরণ করা এক কোটি টাকার বেশি অংকের চলতি ও মেয়াদি ঋণের গ্রাহকের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। গ্রাহকের অস্তিত্ব সম্পর্কিত বিবরণ, জামানত হিসেবে দেওয়া জমির মালিকানা, মূল্য ও সম্পদের সঠিকতা যাচাই এবং ঋণের বিপরীতে মজুদকৃত মালামালের মূল্য সম্পর্তি সকল তথ্য চাওয়া হয়েছে।”
যে ১৩টি ঋণ হিসাব বন্ধ করেছে বাংলাদেশ ব্যাংক সেগুলো হচ্ছে-বেসিক ব্যাংকের গুলশান শাখার তানজীম ফ্যাশনসের ৩ কোটি, সিলভার কম ফ্রেডিংয়ের ৩৫ কোটি, প্রফিউশন টেক্সটাইলের ১৫ কোটি, আর কে ভিয়ার ৩ কোটি, বিএস ট্রেডিংয়ের ১০ কোটি ও এসপিএন এন্টারপ্রাইজের ৫২ কোটি টাকা।
শান্তিনগর শাখার হাসিব এন্টারপ্রাইজের ৩৬ কোটি, গ্লাস ওয়াটার লিমিটেডের ৪ কোটি, এসওএস ব্রাদার্সের ৪৫ কোটি টাকা।
বংশাল শাখার আহমেদ স্টীলের ৩ কোটি, প্রধান কার্যালয় শাখার আনোয়ার গ্রুপের ৬৫ কোটি, দিলকুশা শাখার বসতি ফুডের ৩ কোটি এবং মৌলভীবাজার চৌমোহনা শাখার ইমপেরিয়াল কলেজ এন্ড হসপিটালের ২৫ কোটি টাকা।
ব্যাংকের ব্যবস্থাপনা প্রধান ফখরুল অবশ্য বলেন, “আমরা ইতিমধ্যে ৭/৮টি একাউন্টের প্রয়োজনীয় কাজ করে বাংলাদেশ ব্যাংককে জানিয়েছি এবং ঋণ ছাড় করেছি। বাকি একাউন্টগুলোর কাজ চলছে। দ্রুত সব ঠিক হয়ে যাবে।”
