২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রতিযোগিতা’র মাধ্যমে ধরে রাখতে হবে সৌদির শ্রমবাজার

সৌদি আরবের শ্রমবাজার ধরে রাখতে অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে বলে দেশটির পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 12:07 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

মধ্যপ্রাচ্যের দেশটির একটি প্রতিনিধি দল বুধবার সচিবালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে বৈঠকে তাদের অবস্থান জানান।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ড. সুলতান বিন মোহাম্মদ আল হাজ্জার নেতৃত্বাধীন এই প্রতিনিধি দল শ্রমিকদের দক্ষতা বাড়াতে নেয়া কার্যক্রম পর্যবেক্ষণে এসেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুলতান আল হাজ্জা বলেন, বাংলাদেশের শ্রমিকদের মান পর্যবেক্ষণে তারা সন্তষ্ট।

“তবে অবশ্যই এ দেশের শ্রমিকদের বিশ্বের অন্য দেশের শ্রমিকদের সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকতে হবে।”

বাংলাদেশকে ‘পুরনো বন্ধু’ উল্লেখ করে তিনি বলেন, তারা চান যে বাংলাদেশ থেকে বৈধ উপায়ে ও কম খরচে সৌদি আরবে শ্রমিক যাক।

সৌদি প্রতিনিধি দলের সঙ্গে ফলপ্রসূ আলোচনার কথা জানিয়ে খোন্দকার মোশাররফ বলেন, তারা কয়েকটি ট্রেইনিং সেন্টার পরিদর্শন করে সন্তষ্টি প্রকাশ করেছে।

মন্ত্রী জানান, সৌদি দূতাবাসের কর্মকর্তা নিহত হওয়ার কারণে এই প্রতিনিধি দলের আসতে কিছুটা দেরি হয়েছে।

সৌদি আরবের আট সদস্যের উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দল গত ৩০ মার্চ বাংলাদেশে আসে।