প্রবাসী আয় বাড়াতে প্রণোদনার প্রস্তাব মন্ত্রীর
প্রবাসী আয় বাড়ানোর লক্ষ্যে বিশেষ প্রণোদনা দিলে প্রতিবছর ২০ বিলিয়ন ডলারের রেমিটেন্স আনা সম্ভব বলে মনে করেন প্রবাসী কল্যানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, পঞ্জিকা বছরের হিসেবে ২০১২ সালে প্রবাসী বাংলাদেশিরা এক হাজার ৪২০ কোটি (১৪ দশমিক ২ বিলিয়ন) ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের বছরের চেয়ে ২১ শতাংশ বেশি। দেশের ইতিহাসে এক বছরে এই পরিমাণ রেমিটেন্স আগে কখনো আসেনি।
প্রবাসী কল্যানমন্ত্রী জানান, রেমিটেন্স দেশের আর্থিকখাতে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। বর্তমানে ১৫৭টি দেশে ৮৫ লাখের মতো লোক কর্মসংস্থানে রয়েছে।
“রেমিটেন্স নিয়ে জরিপ চলাকালে প্রণোদনা দেওয়ার বিষয়টি অন্তর্ভূক্ত করা যায় কিনা দেখতে হবে। গার্মেন্টসে যেভবে হাজার কোটি টাকা প্রণোদনা দেওয়া হচ্ছে, তেমনি রেমিটেন্স আনার লক্ষ্যে প্রণোদনা দেওয়া যেতে পারে”, প্রস্তাব মন্ত্রীর।
রেমিটেন্সের সুষ্ঠু ব্যবস্থাপনায় তা ২০ বিলিয়ন ডলারে উন্নীত করা কোনো বিষয় নয় বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন।
প্রবাসীদের পাঠানো অর্থ কীভাবে ব্যবহার হচ্ছে তা জানতে পরিসংখ্যান ব্যুরো প্রবাস আয়ের ব্যবহার সম্পর্কিত জরিপ, ২০১৩ হাতে নিয়েছে।
