২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থিক খাতে অপরাধের বিচার কঠিন: মুহিত

আর্থিক খাতে অপরাধের বিচার করা খুবই কঠিন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2013, 02:18 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

শনিবার দুপুরে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহীদের সঙ্গে প্রাক বাজেট মতবিনিয় সভায় হল-মার্ক, ডেসটিনি ও শেয়ার বাজার কেলেঙ্কারি প্রসঙ্গে আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

মুহিত বলেন, “আর্থিক খাতে দুর্নীতির বিচার করা সত্যিই খুবই কষ্টকর। এখন পর্যন্ত আর্থিক খাতে দুর্নীতির কোনো বিচার সম্পন্ন হয়নি। হল-মার্ক কেলেঙ্কারির সঙ্গে প্রতিষ্ঠানটির মালিক-কর্মকর্তা, সোনালী ব্যাংক ছাড়াও আরও অনেকেই জড়িত। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া যাচ্ছে না। আমি মনে করি যারা এ কেলেঙ্কারিতে সহায়তা করেছে তাদেরও বিচার হওয়া উচিৎ।”

আর বাংলাদেশে এবারই প্রথম এ ধরনের অপরাধের বিচার হচ্ছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।

মতবিনিময় সভায় পদ্মা সেতু ও গ্রামীণ ব্যাংক নিয়েও কথা বলেন মুহিত।

হল-মার্ক কেলেঙ্কারি প্রসঙ্গে তিনি বলেন, “হল-মার্কের পক্ষ থেকে তাদের প্রতিষ্ঠান চালু করার ব্যাপারে সহায়তা চেয়ে আমার কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি দেয়া হয়েছে। সে ব্যাপারে সোনালী ব্যাংককে একটি প্রস্তাব দিতে বলা  হয়েছে। তাদের চূড়ান্ত প্রস্তাব পাওয়ার পর সে প্রস্তাবের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে।”

গত বছর বাংলাদেশ ব্যাংকের একটি নিরীক্ষা প্রতিবেদনে সোনালী ব্যাংক থেকে হল-মার্কসহ কয়েকটি প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের তথ্য উঠে এলে সারা দেশে ব্যাপক আলোচনা শুরু হয়। 

ওই প্রতিবেদনে বলা হয়, কিছু কর্মকর্তার যোগসাজশে নিয়ম ভেঙে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে ছয়টি প্রতিষ্ঠান তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা সরিয়ে ফেলে, যার মধ্যে হলমার্ক গ্রুপ একাই তুলে নেয় দুই হাজার ৬০০ কোটি টাকার বেশি।

এই প্রতিষ্ঠানটির সম্পদ ও সংশ্লিষ্ট ৪০ হাজার কর্মীকে রক্ষার জন্য একটি আবেদন পাওয়ার পর অর্থমন্ত্রণালয় গত ১৯ মার্চ সোনালী ব্যাংককে একটি চিঠি পাঠায়। হল-মার্ক গ্রুপের ব্যবসায়িক কার্যক্রম আবারো কীভাবে চালু করা যায় সে বিষয়ে সুপারিশসহ একটি প্রতিবেদন চাওয়া হয় ওই চিঠিতে।

এর মধ্য দিয়ে অর্থ মন্ত্রণালয় হল-মার্কের বিষয়ে নমনীয় আচরণ করছে বলে অভিযোগ ওঠে বিভিন্ন মহলে।

এ অভিযোগ উড়িয়ে দিয়ে অর্থমন্ত্রী মত বিনিময় সভায় বলেন, হল-মার্ক কেলেঙ্কারিতে জড়িত কাউকে রক্ষা করা সরকারের উদ্দেশ্য নয়।

তিনি বলেন, “এটা ঠিক যে তারা বিরাট অংকের অর্থ লোপাট করেছে। কিন্তু কারখানাগুলো চালু করে তো বিনিয়োগের সুফলটুকু তুলে আনা যায়।”

১৯৮২ সালের উদাহরণ টেনে মুহিত বলেন, সে সময় খেলাপি দশটি প্রতিষ্ঠানকে ব্যবসা চালিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়েছিল, যাতে তারা ঋণের টাকা ফেরত দিতে পারে। 

এইচ এম এরশাদ সরকারের অর্থমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের সেই সময়ের কথা স্মরণ করে মুহিত বলেন, “জহুরুল ইসলাম, (আবুল খায়ের) লিটু, বেক্সিমকো, মাহমুদুর রহমান- সবাই সে সময় খেলাপি হয়েছিল” 

ডেসটিনি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “ডেসটিনি একটি মারাত্মক সমস্যা। তবে এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় ভালো জানে। বাংলাদেশ ব্যাংকও কিছু জানে। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না।”

শেয়ারবাজার কেলেঙ্কারি প্রসঙ্গে আবুল মাল আবদুল মুহিত বলেন, সাক্ষী না পাওয়ায় কারও বিরুদ্ধে মামলা করা যাচ্ছে না। তবে শেয়ারবাজার নিয়ে তদন্ত কমিটি যে প্রতিবেদন দিয়েছে, তার সুপারিশ অনুযায়ী বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

আলোচনার এক পর্যায়ে মুহাম্মদ ইউনূসেরও সমালোচনা করেন মুহিত।

অর্থমন্ত্রী বলেন, “ড. ইউনূস গ্রামীণ ব্যাংককে সাসটেইনেবল (টেকসই) হতে দেননি। তিনি এখনো মনে করেন যে তিনি চলে গেলে গ্রামীণ ব্যাংক ধসে পড়বে।”

মুহিত বলেন, “২০১০ সালে আমি তাকে বলেছিলাম আপনি ছাড়েন। কিন্তু ছাড়েননি। উল্টো আদালতের গিয়েছিলেন। তার খুব ইগো। সেটা খুব খারাপ।”

অনুমোদন না নিয়ে পদে থাকার কারণ দেখিয়ে ২০১১ সালের ২ মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে ইউনূসকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর বিরুদ্ধে ইউনূস উচ্চ আদালতে গেলেও তা খারিজ হয়ে যায়।

মুহিত বলেন, “এখন আমরা গ্রামীণ ব্যাংকে এমডি নিয়োগ দিতে পারছি না। যিনি ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি যোগ্য নন।”

তারপরও ইউনূসের সময়ের তুলনায় গ্রামীণ ব্যাংক এখন ভালো চলছে বলে দাবি করে অর্থমন্ত্রী। 

আর্থিক খাতে দুর্নীতি প্রতিরোধে বর্তমান সরকার একটি সংষ্কার কমিশন গঠনের কথা বলেছিল। এ বিষয়ে উপস্থিত এক দৃষ্টি আকর্ষণ করলে মুহিত বলেন, “এ আমলে এটা হচ্ছে না। এটি আগামী সরকারের জন্য রেখে দিলাম।”

“তবে আমার ধারণা আগামীবার আওয়ামী লীগই সরকার গঠন করবে”, বলেন সিলেট-১ আসনের এই সাংসদ।