২৯ টাকা দরে ১০ লাখ টন চাল কিনবে সরকার
আগামী বোরো মৌসুমে স্থানীয় বাজার থেকে ২৯ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার।
চলতি মৌসুমে স্থানীয় বাজার থেকে ২৫ টাকা কেজি দরে দেড় লাখ মেট্রিক টন গম সংগ্রগের লক্ষ্যমাত্রাও ঠিক করা হয়েছে।
বুধবার সচিবালয়ে খাদ্য মূল্যায়ন ও পরিধারণ কমিটির বৈঠক শেষে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক সাংবাদিকদের এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, আগামী বোরো মৌসুমে ৯ লাখ টন চাল এবং দেড় লাখ টন ধান স্থানীয় বাজার থেকে কেনা হবে।
ধান শুকানো হচ্ছে চাতালে (ফাইল ছবি)
আগামী ১ মে থেকে ৩০ জুন পযন্ত বোরো মৌসুমের চাল সংগ্রহ অভিযান চলবে বলে জানান খাদ্যমন্ত্রী।
গম সংগ্রহ অভিযান চলবে আগামী ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত।
এবার গমের উৎপাদন খরচ ২১ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
আবহাওয়া অনুকূলে থাকায় এবার গমের উৎপাদন ১১ লাখ টন ছাড়িয়ে যাবে বলে আশা করেন খাদ্যমন্ত্রী।
সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদেরসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
