শনিবার সব ব্যাংকের ‘এডি শাখা’ খোলা
ব্যবসায়ীদের আহ্বানে সাড়া দিয়ে বৈদেশিক লেনদেন পরিচালনাকারী সব ব্যাংক শাখা শনিবার খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
গত কিছুদিন ধরে বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ স্থানে তাদের এডি শাখা প্রয়োজন অনুযায়ী শনিবার খোলা রেখে আসছিলেন। কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে বিরোধী দলের টানা হরতালের কারণে ক্ষতি পুষিয়ে নিতে প্রতি শনিবারই সব এডি শাখা খোলা রাখার দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা।
এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএসহ ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান ও অর্থমন্তী আবুল মাল আবদুল মুহিতের কাছেও তাদের এই দাবি তুলে ধরেছেন।
