২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আগামী বাজেটে রেলপথ বিশেষ গুরুত্ব পাবে’

যোগাযোগ ব্যবস্থায় সড়কনির্ভরতা কমিয়ে আগামী বাজেটে রেলপথের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2013, 05:32 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

সোমবার এক প্রাক-বাজেট আলোচনায় তিনি বলেন, “সড়ক যোগাযোগ ব্যবস্থায় আমরা অনেক এগিয়ে আছি। তাই নতুন সড়কের প্রয়োজন নেই।

“রেলপথ বাড়াতে হবে আমাদের এবং অবশ্যই মালবাহী ট্রেনের সংখ্যাও বাড়াতে হবে।”

বিকালে অর্থ মন্ত্রণালয়ে এনজিও প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা করেন মুহিত।

সভায় হরতালের কারণে দেশের অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, বিগত যে কোনো বছরের তুলনায় অর্থনীতি অনেক ভালো আছে। তবে একটা ‘সেটব্যাক’ হতে পারে। তা নিয়ে সতর্ক থাকতে হবে।

এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “কারণটা হলো, কাইন্ড অব হরতাল-টরতাল যদি আবার বেড়ে যায়। এগুলোই আর কি।”

Image
Finance Minister Abul Maal Abdul Muhith speaks at a press conference at Biddut Bhaban in Dhaka on Wednesday.

Finance Minister Abul Maal Abdul Muhith speaks at a press conference at Biddut Bhaban in Dhaka on Wednesday.

বাজেট আলোচনায় মুহিত বলেন, “জেলা বাজেট চালু করার বিষয়ে আগেই আমরা প্রতিশ্রুতি দিয়েছি। পরীক্ষামূলকভাবে আগামী বাজেটে জেলা বাজেট চালু করা হবে।”

সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আপাতত টাঙ্গাইল জেলার জন্য এ বাজেট করা হবে। তবে আরো জেলাকে অন্তর্ভুক্ত করার বিষয়ে কাজ চলছে।

২০০৯ সালের জানুয়ারিতে বর্তমান সরকার ক্ষমতা নেয়ার পর প্রথম বাজেট ভাষণে জেলা বাজেট করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অর্থমন্ত্রী।

তিনি জানান, চলতি অর্বছরের ঘোষিত বাজেটের সঙ্গে সংশোধিত বাজেটের ব্যবধান ‘খুব বেশি’ হবে না।

সভায় ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন বলেন, “দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কমলেও এখনো আরো কমাতে হবে। এক্ষেত্রে পিছিয়ে রয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগ। এ দুটি বিভাগে বিশেষ নজর দিতে হবে।”

এছাড়া মাংস ও পশুপালন খাতে বরাদ্দ বাড়ানো এবং কৃষি উৎপাদনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ওপর জোর দেন তিনি।

পাশাপাশি কৃষক ও ভোক্তা কেউ-ই যাতে না ঠকে সেভাবে পণ্যমূল্য চেইন গড়ে তোলার কথাও বলেন তিনি।

মুহিত বলেন, “কৃষিপণ্যের মূল্য চেইন ঠিক রাখতে গুদাম তৈরি করতে হবে। এজন্য সহজঋণের ব্যবস্থা করে দেওয়া যেতে পারে।”

গ্রাম ও শহরের মধ্যে শিক্ষার বৈষম্য কমানোর সুপারিশ করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান জাফরউল্লাহ চৌধুরী।