২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের পণ্য বাণিজ্যে ঘাটতি কমেছে

চলতি অর্থবছরের প্রথম সাত মাসে দেশের পণ্য বাণিজ্য ঘাটতি কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 05:12 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

২০১২-১৩ অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে বাণিজ্য ঘাটতি দাঁড়ায় ৪৩৪ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ কম।

ওই সময় পণ্য বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ৬১৪ কোটি ৪০ লাখ ডলার।

লেনদেন ভারসাম্য বিষয়ক বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

আমদানি কমে যাওয়ার কারণেই মূলত পণ্য বাণিজ্য ঘাটতি কমেছে বলে মনে করছেন কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে রপ্তানি আয় হয়েছে এক হাজার ৪৯০ কোটি ৩০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় আট দশমিক ২৮ শতাংশ বেশি।

অন্যদিকে আলোচ্য সময়ে আমদানি বাবদ ব্যয় হয়েছে এক হাজার ৯২৪ কোটি ৩০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় তিন দশমিক ৩৪ শতাংশ কম।

তবে পণ্য বাণিজ্যে ঘাটতি কমলেও আলোচ্য সময়ে সেবা-বাণিজ্যে ঘাটতি বেশ খানিকটা বেড়েছে।

আলোচ্য সময়ে সেবা খাতের বাণিজ্যে ২৬৪ কোটি ৪০ লাখ ডলারের ঘাটতি হয়েছে, যা গত অর্থবছরে ছিল ১৮৫ কোটি ৬০ লাখ ডলার।

পরিসংখ্যানে দেখা যায়, আলোচ্য সময়ে সেবা খাতের মাধ্যমে ১০১ কোটি ৫০ লাখ ডলারের বিদেশি মুদ্রা আয় হয়েছে, আর এ খাতের ব্যয় বাবদ প্রায় ৪০০ কোটি ডলার দেশের বাইরে চলে গেছে।

সেবা খাতে মূলত পর্যটন বা ভ্রমণ, বীমা ও আর্থিক লেনদেন ইত্যাদি অন্তর্ভূক্ত থাকে।

অর্থবছরের এই সাত মাসে চলতি হিসাবের ভারসাম্য পরিস্থিতিতেও বেশ খানিকটা উন্নতি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এসময়ে চলতি হিসাবে ৮২ কোটি ১০ লাখ ডলারের উদ্বৃত্ত হয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ১৩০ কোটি ডলার।

এই সময়ে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণও বেড়েছে। সাত মাসে ৮৭ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে, গত বছর একই সময়ে যা ছিল ৭৮ কোটি ডলার।

আলোচ্য সময়ে লেনদেনের সার্বিক ভারসাম্যে ২৯২ কোটি ৮০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা যায়। গত অর্থবছরের একই সময়ে প্রায় ৮১ কোটি ডলারের ঘাটতি ছিল।

লেনদেনের সার্বিক ভারসাম্যের উন্নতি হওয়ায় তা বিদেশি মুদ্রার বিনিময় হার ও এর রিজার্ভের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে।

জুন শেষে ইউএস ডলারের দর ৮১ দশমিক ৮২ টাকা থাকলেও জানুয়ারি শেষে তা কমে ৭৯ দশমিক ২০ টাকা হয়েছে।

অন্যদিকে জানুয়ারি শেষে চার মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ ছিল, যেখানে আগের বছরের জানুয়ারি শেষের রিজার্ভ দিয়ে তিন মাসের আমদানি ব্যয় মোটানো সম্ভব ছিল।