২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালী ব্যাংকে অডিট আপত্তির পাহাড়

হল-মার্ক কেলেঙ্কারি নিয়ে চাপে থাকা সোনালী ব্যাংকের ৫৮ হাজার নিরীক্ষা প্রতিবেদন নিয়ে আপত্তি রয়েছে মহাহিসাব নিরীক্ষকের দপ্তরের।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 03:00 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

সরকারি মালিকানাধীন সবচেয়ে বড় এই বাণিজ্যিক ব্যাংকের অডিট আপত্তির এই সংখ্যায় বিস্ময় প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার কমিটির বৈঠকে ব্যাংকটির দৈন্যদশা কাটাতে বিশাল অঙ্কের এই অডিট আপত্তি দ্রুত নিস্পত্তির সুপারিশ করা হয়েছে।

একইসঙ্গে আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে আয়করের হার না বাড়াতেও সরকারের কাছে সুপারিশ রেখেছে সংসদীয় কমিটি।

কমিটির এদিনের বৈঠকে সোনালী ব্যাংকের সার্বিক কার্যক্রম উপস্থাপন ও আসন্ন বাজেট নিয়ে আলোচনা হয়।

কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, “সোনালী ব্যাংকের অনেক দৈন্য রয়েছে। এ পর্যন্ত ৫৮ হাজার অভ্যন্তরীণ অডিট আপত্তি অনিষ্পন্ন রয়েছে। অতিদ্রুত এসব অডিট আপত্তি গুরুত্ব বিবেচনা করে তিনটি ক্যাটাগরি করে নিষ্পন্নের সুপারিশ করেছি।”

ব্যাংকের মূলধন বাড়ানোর পাশাপাশি নতুন করে বিদেশ গমনেচ্ছুদের ঋণ না দিতেও সোনালী ব্যাংকে পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি।

মুস্তফা কামাল জানান, সোনালী ব্যাংকের হল-মার্ক কেলেঙ্কারি তদন্তের জন্য গঠিত সাব-কমিটির প্রতিবেদন মূল কমিটিতে দাখিল করা হয় এবং এ তদন্ত প্রতিবেদন নিয়ে আগামী বৈঠকে বিস্তারিত আলোচনার সিদ্ধান্ত হয়েছে।

গত বছরের মাঝামাঝিতে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে অনিয়মের মাধ্যমে হল-মার্ক গ্রুপ আড়াই হাজার কোটি টাকা তুলে নিয়েছে বলে অভিযোগ উঠলে তা তদন্তের সিদ্ধান্ত নেয়  সংসদীয় কমিটি। তদন্তের জন্য তাজুল ইসলামকে প্রধান করে গত ৩ সেপ্টেম্বর উপকমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবারের বৈঠকে সোনালী ব্যাংকের দায়িত্বপ্রাপ্তদের যথাযথ দায়িত্ব পালনের পরামর্শ দেয়া হয় এবং সব কর্মকর্তার জবাবদিহিতা নিশ্চিতে পদক্ষেপ নেয়ার মাধ্যমে ব্যাংক খাতে স্বচ্ছতা আনার পরামর্শ দেয়া হয়।

হল-মার্ক কেলেঙ্কারিতে জড়িত অভিযোগে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক আজিজুর রহমানসহ ডজনের বেশি কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।

বাজেট নিয়ে প্রস্তাব

মুস্তফা কামাল জানান, বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রম সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন এবং বিস্তারিত আলোচনা হয়।

“কোনোভাবেই ইনকাম ট্যাক্সের রেট বৃদ্ধি করা যাবে না আগামী বাজেটে-এ সুপারিশ করেছি। ট্যাক্স হলিডে কন্ট্রোল করে তা পুঁজিবাজারে ইনক্লুড করার জন্য বলেছি। সোশ্যাল সেফটিনেট বজায় রাখতে যা যা করণীয় তার ব্যবস্থা নিতে বলেছি।”

তিনি জানান, যারা কর ফাঁকি দেয় তাদের ওপর বেশি কর ধার্যের জন্য পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়া  গ্রামের ছাত্র-ছাত্রীদের বৃত্তি দিয়ে শহরে লেখাপড়ার সুযোগ করে দেয়া এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের সরকারি বৃত্তি দিয়ে বিদেশে পাঠনোর সুপারিশ করে কমিটি।

কমিটির সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ, এ কে এম মাঈদুল ইসলাম, এম কে আনোয়ার,  তাজুল ইসলাম, এম এ মান্নান এবং গোলাম দস্তগীর গাজী বৈঠকে অংশ নেন।

ব্যাংকের গভর্নর আতিউর রহমান, ইআরডি সচিব মো. আবুল কালাম আজাদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম  ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব গোলাম হোসেনসহ অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মকর্তারা বৈঠকে ছিলেন।

পুরনো খবর:

‘ব্যবস্থাপনার গলদে হল-মার্ক কেলেঙ্কারি