আবেদ আবারো ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান
ফজলে হাসান আবেদ আবার ব্র্যাক ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ২০০১ সালে ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে ২০০৮ সাল পর্যন্ত এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি।
বুধবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ মার্চ পরিচালনা পর্ষদের সভায় তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।
ফজলে হাসান আবেদ ব্র্যাক-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন। বর্তমানে ব্র্যাক কর্মকাণ্ডের ব্যাপ্তি ও বৈচিত্র্যে বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
আবেদের পর ২০০৮ সালের মে থেকে ২০১৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ এ. (রুমী) আলী।
প্রত্যন্ত গ্রামাঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা প্রদানের লক্ষ্য নিয়ে ফজলে হাসান আবেদ ২০০১ সালে ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠা করেন।
বর্তমানে সারাদেশে এই ব্যাংকের ১৫৫টি শাখা, ৩০০টিরও বেশি এটিএম বুথ, ৩৯৭টি এস.এম.ই. ইউনিট অফিস এবং ৮ হাজারের বেশি জনবল রয়েছে। ১২ লাখেরও বেশি গ্রাহক রয়েছে ব্যাংকটির।
