নানা বাধার মুখেও রপ্তানিতে প্রবৃদ্ধি অব্যাহত
স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা বাধার মুখেও দেশের রপ্তানি আয়ের প্রবৃদ্ধি অব্যাহত আছে।
চলতি অর্থবছরের প্রথম আট মাসে গত বছরের একই সময়ের চেয়ে রপ্তানি আয় বেড়েছে ৯ দশমিক ৩৮ শতাংশ। আর মাস হিসেবে গত বছরের তুলনায় এই ফেব্রুয়ারিতে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ২৩ শতাংশ।
রোববার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) রপ্তানি আয়ের হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য প্রকাশিত হয়েছে।
রপ্তানিকারকরা বলছেন, দেশে রাজনৈতিক অস্থিরতা না থাকলে অর্থবছর শেষে রপ্তানি আয়ে ভালো প্রবৃদ্ধি হবে।
ইপিবির তথ্য অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে এক হাজার ৭৭৩ কোটি ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি আয় হয়েছে এক হাজার ৭৪০ কোটি ডলার, যা ২০১১-১২ অর্থবছরের একই সময়ে ছিল এক হাজার ৫৯০ কোটি ৮৫ লাখ ডলার।
এ হিসাবে লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৮৬ শতাংশ কম আয় হয়েছে।
সর্বশেষ ফেব্রুয়ারি মাসে বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ ২২৪ কোটি ৬৫ লাখ ডলার আয় করেছে। গত বছরের ফেব্রুয়ারি মাসে আয় হয়েছিল ১৯৮ কোটি ৪০ লাখ ডলার।
রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইউরোপ-আমেরিকায় অর্থনৈতিক সংকট এবং স্থানীয় পর্যায়ে নানা সমস্যা সত্ত্বেও আমাদের রপ্তানি আয় বাড়ছে। এটা আমাদের অর্থনীতির জন্য খুবই ইতিবাচক।
“তাজরীন গার্মেন্টেসে ভয়াবহ আগুনে শতাধিক শ্রমিকের মূত্যুর পরও আমাদের নানামুখী তৎপরতা কারণে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। আমাদের একটাই চিন্তা- এখন রাজনৈতিক অস্থিরতা। দেশে হরতাল-অবরোধের মতো ধ্বংসাত্মক কর্মসূচি এলে রপ্তানি আয়ের ইতিবাচক ধারা আগামীতেও অব্যাহত থাকবে।”
জুলাই-ফেব্রুয়ারি সময়ে সবচেয়ে বেশি রপ্তানি আয় এসেছে নিট পোশাক রপ্তানি থেকে, যার পরিমাণ ৬৩০ কোটি ডলার। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে ৭ শতাংশ বেশি।
ওভেন পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৬২৬ কোটি ১০ লাখ ডলার, যাতে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৩৭ শতাংশ।
এছাড়া পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি থেকে আয় বেড়েছে ১০ শতাংশ। কৃষিজাত পণ্য রপ্তানি থেকে আয় বেড়েছে ২৮ দশমিক ৫০ শতাংশ।
তবে চা রপ্তানি থেকে আয় কমেছে ৩১ শতাংশের বেশি।
