উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার পক্ষে মুহিত
বর্তমান সরকারের মেয়াদেই দেশের কয়লা উত্তোলনের বিষয়ে সিদ্ধান্ত হবে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, উন্মুক্ত পদ্ধতি ছাড়া বেশি কয়লা তোলা যাবে না।
দেশের খনিগুলো থেকে কোন উপায়ে কয়লা তোলা হবে এ নিয়ে বিতর্কের মধ্যে এ মন্তব্য করলেন অর্থমন্ত্রী।
বুধবার নিজ কার্যালয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, “এই সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই কয়লার বিষয়ে সিদ্ধান্ত হবে।”
“আমাদের দেশটা জনবহুল। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তুলতে গেলে বেশকিছু মানুষের ঘড়বাড়ি স্থানান্তর করতে হবে। তবে আমার ব্যক্তিগত ধারণা উন্মুক্ত পদ্ধতি ছাড়া আমাদের যে পরিমাণ কয়লা সম্পদ আছে তা তোলা যাবে না।”
অর্থমন্ত্রী জানান, উন্মুক্ত পদ্ধতি না হলে ২০ থেকে ২৫ শতাংশ কয়লা কম তুলতে হবে।
দেশের শিল্পায়নের অগ্রগতির জন্য বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য সরকারকে চাপ দিচ্ছে ব্যবসায়ীরা। তারা কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য সরকারকে বলছে।
দেশের গ্যাস সংকট ও বিশ্বব্যাপি জ্বালানি তেলের ক্রমবর্মান মূল্যবৃদ্ধির কারনে সরকারের দীর্ঘমেয়াদি বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনায় একটি বড় অংশ জুড়ে রয়েছে জ্বালানি হিসেবে কয়লার ব্যবহার।
ইতোমধ্যে প্রায় আড়াই হাজার মেগাওয়াট ক্ষমতার দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য সরকার দুটি চুক্তি করেছে। এর একটি বেসরকারি খাতে এবং আরেকটি বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে নির্মিত হবে। এসব কেন্দ্রের জন্য বিদেশ থেকে কয়লা আমদানি করা হবে বলেও পরিকল্পনা করা হয়েছে।
তবে দেশে পাঁচটি কয়লা খনি থাকলেও শুধু একটি খনি থেকে স্বল্প মাত্রায় কয়লা তোলা হচ্ছে। গত এক দশকে বিভিন্ন সরকারের সময় চুড়ান্ত করা হয়নি কয়লা নীতি।
বর্তমানে বড়পুকুরিয়ায় ২৫০ মেগাওয়াট ক্ষমতার একটি কয়লাভিত্তিক প্রকল্প রয়েছে।
মুহিত বলেন, “চলতি বছরেই দেশে বিদ্যুতের উৎপাদন সাত হাজার মেগাওয়াট ছাড়াবে। নতুন যেসব কেন্দ্রের অনুমোদন হয়েছে সেগুলো ২০১৬-১৭ সালের মধ্যে আসবে।”
“তবে এখনো আমাদের বিদ্যুতের প্রায় ২৫ শতাংশ উৎপাদিত হচ্ছে তরল জ্বালানি থেকে। এজন্য দামও বেশি পড়ছে। তরল জ্বালানি নির্ভরতা কমাতে হলে আমাদের নিজস্ব কয়লার উত্তোলন করতে হবে।”
