২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল প্রত্যাহারের দাবি ব্যবসায়ীদের

জামায়াতে ইসলামী ও বিএনপির ডাকা হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2013, 02:14 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের বিষয়ে শুক্রবার সন্ধ্যায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক বিবৃতিতে বলা হয়, “গত কয়েকদিনের হরতালে সৃষ্ট অস্থিরতা ও অস্থিতিশীল পরিবেশের ক্ষতি কাটিয়ে না উঠতেই আবার ৩ ও ৪ মার্চ টানা ৪৮ ঘন্টা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। অনতিবিলম্বে এ হরতাল প্রত্যাহারের জোরালো দাবি জানাচ্ছে এফবিসিসিআই।”

বিএনপির ডাকা ৫ ফেব্রুয়ারি হরতাল ডাকার পর এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব হরতালের বিষয়ে আমাদের অবস্থান একই। আমরা বিরোধীদলকেও হরতাল প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।”

মানবতাবিরোধী অপরাধে বৃহস্পতিবার দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেয়ার পর দেশজুড়ে তাণ্ডব চালায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। সহিংসতা ও পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারায় ৩৫ জন।

রায় প্রত্যাখ্যান করে রোববার ও সোমবার সারাদেশে ৪৮ ঘণ্টার টানা হরতাল ডাকে জামায়াতে ইসলামী। দেশজুড়ে চলমান সহিংসতা ও হতাহতের ঘটনাকে সরকারের ‘গণহত্যা’ আখ্যায়িত করে ৫ মার্চ সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে প্রধান বিরোধী দল বিএনপিও।

বিবৃতিতে বলা হয়, “এফবিসিসিআই আবারো মনে করিয়ে দিতে চায়, হরতাল ও অবরোধের মত এ ধরনের আত্মঘাতি কার্যক্রম দেশের অর্থনীতিকে এক চূড়ান্ত বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে, যা আমাদের কারোরেই কাম্য নয়।”

বিবৃতিতে জনগণের জানমালের নিরাপত্তা ও দেশের উন্নয়নের স্বার্থে ‘সহিংসতা’ ও ‘অস্থিতিশীলতা’ প্রতিরোধে সরকারকে দ্রুত প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নিতে অনুরোধ জানানা হয়।

এফবিসিসিআইর বিবৃতিতে আরও বলা হয়েছে, “বিচারাধীন বিষয় নিয়ে রাজনৈতিক সংহিতা ও দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন কোনো কর্মসূচি বা কার্যক্রমকে দেশের ব্যবসায়ী সমাজ সমর্থন করে না।”

ঘন ঘন হরতাল ও রাজনৈতিক সহিংসতায় কারণে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে এতে বলা হয়, “এর ফলে বর্হিবিশ্বে আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে যা প্রভাবে দেশি-বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে, জাতীয় প্রবৃদ্ধি ও জনগণের আয়ের উপর নেতিবাচক প্রভাব পড়ছে।”

বৃহস্পতিবার দেশব্যাপী ব্যাপক সহিংসতায় বহু প্রাণহানির ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছে ব্যবসায়ীদের সংগঠনটি।