২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু

জাটকা নিধন ৩০ শতাংশ বন্ধ করতে পারলে প্রতিবছর ৩ হাজার ৫০০ কোটি টাকার ইলিশ পাওয়া যাবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2013, 06:54 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

মঙ্গলবার সকালে মৎস্য ভবনে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৩’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসার আহবান মন্ত্রী বলেন, “বাংলাদেশে মোট উৎপাদিত মাছের ১২ শতাংশই হলো ইলিশ। জিডিপিতে যার অবদান শতকরা ১ ভাগ।”

“বিশেষজ্ঞদের মতে আমাদের দেশে যে পরিমাণ জাটকা অবৈধভাগে আহরিত হয় তার শতকরা ৩০ ভাগ রক্ষা সম্ভব হলে প্রতিবছর ১ লক্ষ মেট্রিক টন অতিরিক্ত ইলিশ পাওয়া সম্ভব। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩ হাজার ৫ শত কোটি টাকা।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে লতিফ বিশ্বাস বলেন, চলতি বছরেই জেলেদের তালিকা প্রণয়ণ শেষ করে সে অনুয়ায়ী তাদের খাদ্য সহযোগিতা দেয়া হবে।

বর্তমানে দেশে ইলিশ উৎপাদনের গড় প্রবৃদ্ধি শতকরা ৪.৬ ভাগ জানিয়ে মন্ত্রী বলেন, “উৎপাদনের এ ধারা অব্যাহত থাকলে ২০১৪-২০১৫ সালে ইলিশের মোট উৎপাদন ৩.৯৬ লক্ষ মেট্রিক টনে উন্নীত হবে।”

২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত দেশব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ কর্মসূচি চলবে।

‘রক্ষা করলে জাটকা মাছ, ইলিশ পাবেন বারো মাস’ – মূল প্রতিপাদ্য নিয়ে এবারের জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হচ্ছে। এজন্য সারাদেশে প্রতিটি জেলায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই, মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ।