পদ্মার অর্থ অন্য খাতে পেতে প্রস্তাব দেবেন মুহিত
‘দুর্নীতির’ তদন্ত নিয়ে টানাপোড়েনে বিশ্ব ব্যাংককে ‘না’ বলার পর পদ্মা সেতুতে ঋণ দাতা সংস্থাটি প্রতিশ্রুত ১২০ কোটি ডলার এখন অন্য খাতে পাওয়ার প্রস্তাব রাখবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, এ মাসেই বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের সঙ্গে তার দেখা হওয়ার কথা রয়েছে, যেখানে তিনি এ প্রস্তাব রাখবেন।
সফররত ভারতের পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাইয়ের সঙ্গে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, “এটা আমাদের অর্থ। এখন আমরা আলোচনা করবো এটা কিভাবে ব্যবহার করা যায়। এ অর্থ ব্যয় করার জন্য আমাদের অনেক প্রকল্প আছে।”
পদ্মা সেতুতে অর্থায়ন নিয়ে টানাপোড়েনের মধ্যেই বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার জন্য গত মাসে চিঠি লিখেন অর্থমন্ত্রী।
২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পের প্রধান ঋণদাতা সংস্থা বিশ্ব ব্যাংকের অর্থ না নেয়ার সিদ্ধান্ত গত ৩১ জানুয়ারি তাদের জানায় সরকার।
তবে বিশ্ব ব্যাংক প্রধানের সঙ্গে দেখা করতে চাওয়ার চিঠিটি এখনও বহাল আছে উল্লেখ করে মুহিত বলেন, “আমি অ্যাপয়েনমেন্ট পেলে সাক্ষাত করতে যাব।”
পদ্মা সেতুতে ঋণ না পাওয়া গেলেও বিশ্বব্যাংক এখনও বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী উল্লেখ করে মন্ত্রী বলেন, “এখন প্রায় ৪০০ কোটি ডলারেরর প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।”
