মোবাইল ফোনের আমদানি ব্যয় কমেছে
চলতি অর্থবছরের প্রথমার্ধে আগের বছরের একই সময়ের তুলনায় মোবাইল ফোন ও যন্ত্রপাতির আমদানি বাবদ ব্যয় কমেছে।
বাংলাদেশ ব্যাংকের আমদানি সংক্রান্ত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য প্রকাশিত হয়েছে।
পরিসংখ্যানে দেখা যায়, ২০১২-১৩ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ১৩ কোটি ৭১ লাখ ৩০ হাজার ডলার মূল্যের মোবাইল ফোন আমদানি হয়েছে। এই সময়ে মোবাইল ফোনের যন্ত্রাংশ আমদানি হয়েছে এক কোটি ২৮ লাখ ৪০ হাজার ডলার মূল্যের।
গত ২০১১-১২ অর্থবছরের একই সময়ে মোবাইল ফোন আমদানি হয়েছিলো ১৭ কোটি ৫ হাজার ডলার মূল্যের। আর এক কোটি ৮৫ লাখ ৪০ হাজার ডলার মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ আমদানি হয়েছিল।
রাজধানীর গুলিস্তান মোবাইল মার্কেটের ব্যবসায়ী কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টাকার হিসেবে সম্প্রতি মোবাইল ফোনের আমদানি কমেছে। কারণ এখন কমদামি ফোনের আমদানি বেশি হচ্ছে। সেটের সংখ্যা হিসাব করলে আমদানি কমছে বলে মনে হয় না।”
বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে এরই মধ্যে চীন থেকে ব্যাপক হারে নকল ও নিম্নমানের মোবাইল ফোন আমদানি হচ্ছে বলে জনসাধারণকে সতর্ক করা হয়েছে।
আমদানির সময় ব্যবসায়ীরা মিথ্যা ঘোষণা দিয়ে এসব নকল ও নিম্নমানের সেট আমদানি করছে বলে জানিয়েছে বিটিআরসি।
বর্তমানে বাজারে ব্র্যান্ডের মোবাইল সেটের পাশাপাশি নন-ব্র্যান্ডের সেটও রয়েছে। বেশ কয়েকটি ব্র্যান্ড যেমন নকিয়া, স্যামস্যাং, সনি এরিকসন, সিমেন্স, মটোরোলা সরাসরি বাংলাদেশে বাজারজাত করছে।
মোবাইল ফোন অপারেটরগুলো বর্তমানে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের সুবিধা চালু করেছে। তরুণ প্রজন্মের মোবাইল ফোন ব্যবহারকারীরা বেশি হারে এ সুবিধা নিচ্ছেন।
দেশের মোবাইল ফোনের বাজার বিবেচনায় নিয়ে স্থানীয় কয়েকটি কোম্পানি দেশেই মোবাইল ফোন এসেম্বলিং (সংযোজন) শুরু করেছে।
এ কারণেও মোবাইল ফোন খাতে আমদানি বাবদ ব্যয় কমছে বলে মনে করেন বাজার বিশ্লেষকরা।
বিটিআরসির তথ্য অনুযায়ী, ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে কার্যরত ছয়টি মোবাইল ফোন অপারেটর নয় কোটি ৭০ লাখ সিম ইস্যু করেছে।
