২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঙিক্ষত প্রবৃদ্ধির ‘আশা দেখছে না’ কেন্দ্রীয় ব্যাংক

সরকারের প্রত্যাশা অনুযায়ী চলতি অর্থবছরের ৭ দশমিক ২ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে না বলেই মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2013, 12:10 PM

Updated : 25 Apr 2022, 06:19 PM

চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধ্বের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বৃহস্পতিবার আভাস দেন, এ অর্থবছরের প্রবৃদ্ধি হবে গত ১০ বছরের গড় প্রবৃদ্ধির মতোই।

আর সামগ্রিক পরিস্থিতি অনুকুলে থাকলে এর পরিমাণ কিছুটা বাড়তে পারে।

“বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের পূর্বাভাস মোতাবেক চলতি অর্থবছরে আমাদের দেশজ উৎপাদনে প্রকৃত প্রবৃদ্ধি বিগত দশ বছরের গড় অঙ্কের কম দাঁড়াবে না। এবং অনুকূল পরিস্থিতিতে বেশির দিকেই যাবে।”

গভর্নর জানান, গত ১০ বছরে গড় অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ২ শতাংশ।

আর বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের পূর্বাভাস অনুযায়ী, চলতি অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ১০ শতাংশ থেকে ৬ দশমিক ৪০ শতাংশের মধ্যে।

 গভর্নর বলেন, বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধির মন্দার প্রেক্ষাপটে এবার লক্ষ্যমাত্রা অর্জনের পথে নানা ধরনের ঝুঁকি রয়েছে।

“চলতি অর্থবছরে বৈশ্বিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৬ শতাংশ প্রক্ষেপণ করা হয়েছে। এর মধ্যে উন্নয়নশীল দেশগুলোর গড় প্রবৃদ্ধির অংশ ৫ দশমিক ৬ শতাংশ এবং উচ্চ আয়ের অর্থনীতিগুলোর অংশ এক দশমিক ৫ শতাংশ।”  

এরপরও সরকারের কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন ও গড় ভোক্তা মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক নতুন মুদ্রানীতিতে কাজ করবে বলে গভর্নর জানান।

মুদ্রানীতিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের মুখ্য নীতি সুদহার (রেপো, রিভার্স রেপো) দশমিক ৫০ শতাংশ কমানো হয়েছে। বাড়ানো হয়েছে বেসরকারি খাতে ঋণ প্রবাহ ও ব্যপক মুদ্রার সরবরাহ।

সামগ্রিকভাবে এ মুদ্রানীতির ধরণ ‘সম্প্রসারণমূলক’ হলেও গভর্নর একে বলছেন ‘ভারসাম্যমূলক’।

এতোদিন রেপোর সুদ হার ৭ দশমিক ৭৫ শতাংশ এবং রিভার্স রেপোর সুদ হার ৫ দশমিক ৭৫ শতাংশ ছিল। নতুন নির্ধারিত সুদ হার কার‌্যকর হবে পরবর্তী কার্যদিবস (রোববার) থেকে।

গভর্নর বলেন, বিশ্ব অর্থনীতির ‘মন্দাজনিত ঝুঁকির প্রেক্ষাপটে’ উৎপাদন প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একইসঙ্গে অনুৎপাদনশীল কর্মকাণ্ডে ঋণ দেয়াকে নিরুৎসাহিত করতে এবং ভোক্তা মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে বাংলাদেশ ব্যাংক ‘সজাগ’ থাকবে বলেও গভর্নর উল্লেখ করেন।

মুদ্রানীতির এই ‘ভারসাম্যপূর্ণ’ অবস্থানের ফলে টাকার মান নিয়ে অস্থিরতা এড়ানো সহজ হবে বলেও আশা প্রকাশ করেন গভর্নর।

নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ যোগানের উর্ধ্বসীমা ১৮ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ দশমিক ৫০ শতাংশ করা হয়েছে। আর ব্যপক মুদ্রা সরবরাহ ১৬ দশমিক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ১৭ দশমিক ৭০ শতাংশ।

আতিউর রহমান বলেন, “মূল্যস্ফীতি কমছে। খাদ্য ও জ্বালানি ছাড়া অন্যান্য খাতে মৌল মূল্যস্ফীতি কমতির দিকে। মার্কিন ডলারের বিপরীতে টাকার মান উর্ধ্বমুখী। রপ্তানি ও প্রবাসী আয় বাড়ছে। তবে আমদানি চাহিদা কম। অর্থনৈতিক পরিস্থিতির বিবেচনায় বাংলাদেশ ব্যাংক ভেবেচিন্তে যথোপোযুক্ত মুদ্রানীতি প্রনয়ন করেছে।”

তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় প্রতি মাসেই মুদ্রনীতি পর্যালোচনা করা হবে। প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক এই নীতি পরিবর্তন করবে।

আতিউর রহমানের বর্তমান মেয়াদে এটিই ছিল শেষ মুদ্রানীতি। মে মাসে তার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে। আর বতর্মান সরকারের মেয়াদেও নতুন আর কেবল একটি মুদ্রানীতি আসবে।

এ মুদ্রানীতি করার ক্ষেত্রে কোনো রাজনৈতিক চাপ ছিলো কি না জানতে চাইলে গভর্নর বলেন, “বাংলাদেশ ব্যাংক স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। মুদ্রানীতিও স্বাধীনভাবে প্রণয়ন করেছে।”

তিনি বলেন, মুদ্রানীতি করার আগে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে। অনলাইনে মতামত নেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে মুদ্রানীতি ঘোষণার এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডেপুটি গভর্নর আবুল কাশেম, নাজনীন সুলতানা, চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজার আল্লাহ মালিক কাজেমী, প্রধান অর্থনীতিবিদ হাসান জামানসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্ব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুঁজিবাজার পরিস্থিতি প্রসঙ্গে গভর্নর বলেন, “বাজারের কার্যক্রমে স্থিতিশীলতা ও গতিশীলতা রাখতে পুঁজিবাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সক্রিয় সহযোগিতা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”