২৫ দিনে ১০৮ কোটি ডলার রেমিটেন্স
প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।
চলতি জানুয়ারি মাসের প্রথম ২৫ দিনে (পহেলা জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত) ১০৭ কোটি ৬৯ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।
সোমবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
বিদায়ী ২০১২ সালে প্রবাসী বাংলাদেশিরা ১ হাজার ৪২০ কোটি ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন, দেশের ইতিহাসে এই পরিমাণ রেমিটেন্স এক বছরে আগে আর আসেনি।
গত বছরের শুরু থেকে রেমিটেন্স প্রবাহে উর্ধ্বগতি থাকায় কেন্দ্রীয় ব্যাংকের ধারণা ছিল, বছর শেষে এর পরিমাণ ১ হাজার ৪০০ কোটি ডলার স্পর্শ করবে। তবে বছর শেষে তা ওই অঙ্ক ছাড়িয়ে যায়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১২ সালে দেশে ১৪ দশমিক ২০ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে। ২০১১ সালে রেমিটেন্সের পরিমাণ ছিল ১২ দশমিক ১১ বিলিয়ন (১ হাজার ২১১ কোটি) ডলার।
এক বছরের ব্যবধানে প্রায় ২০০ কোটি (২ বিলিয়ন) ডলার বেশি অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। শতকরা হিসেবে যা বেড়েছে ১৬ দশমিক ৩ শতাংশ।
২০১১ সালে প্রবৃদ্ধি হয়েছিল ১০ শতাংশ। ২০১০ সালে রেমিটেন্স বাড়ে ২ দশমিক ৫ শতাংশ।
বিদায়ী বছরের অক্টোবর মাসে সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স এসেছে। কোরবানির ঈদ এবং পূজাকে সামনে রেখে ওই মাসে ১৪৫ কোটি ৩৬ লাখ ডলার দেশে পাঠান প্রবাসীরা। এক মাসে এত রেমিটেন্স আগে কখনো আসেনি।
এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স আসে গত বছরের ডিসেম্বরে- ১২৮ কোটি ২৫ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জানুয়ারি মাসে ডিসেম্বর মাসের চেয়েও বেশি রেমিটেন্স আসবে বলে আমরা আশা করছি।”
রেমিটেন্স প্রবাহের এই গতি আগামীতেও অব্যাহত থাকবে বলে তার ধারণা।
তিনি জানান, মূলত: রেমিটেন্সের উপর ভর করেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ সন্তোষজনক অবস্থায় রয়েছে।
চলতি মাসের প্রথম সপ্তাহে রিজার্ভ অতীতের সব রেকের্ড ভেঙ্গে ১৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।
৭ জানুয়ারি রিজার্ভ ১৩ দশমিক ১৩ বিলিয়ন ডলারে উঠে।
এরপর আকুর নভেম্বর-ডিসেম্বর মেয়াদের ৫৯ কোটি ডলার আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ ১২ দশমিক ৬৩ বিলিয়ন ডলারে নেমে আসে।
বৃহস্পতিবার সেই রিজার্ভ দ্বিতীয়বারের মতো ১৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
