‘স্প্রেড ৫ শতাংশে না নামালে শাস্তি’
মার্চের মধ্যে স্প্রেড (ঋণ ও আমানতে সুদ হারের ব্যবধান) পাঁচ শতাংশে নামিয়ে না আনলে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার বিকেলে ব্যাংকগুলোর নির্বাহীদের সভায় এসব নির্দেশনাসহ আরো বেশকিছু বিষয়ে সতর্ক করা হয়েছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।
গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহী ও কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতি তিন মাস পর অনুষ্ঠেয় এই সভায় ব্যাংকিং খাতের সমস্যা ও সম্ভাবনাসহ সামগ্রিক বিষয়ে আলোচনা করা হয়।
এস কে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, “আমরা বারবার ব্যাংকগুলোকে স্প্রেড কমিয়ে আনতে বলেছি। তারপরও অনেক ব্যাংক, বিশেষ করে বিদেশি ব্যাংকের স্প্রেড অনেক বেশি। এজন্য বিদেশি ব্যাংকসহ সব ব্যাংককে স্প্রেড কমিয়ে পাঁচ শতাংশের মধ্যে নামিয়ে আনতে বলা হয়েছে।
“এছাড়া সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু ব্যাংক আমানত সংগ্রহে ঘোষিত সুদ হারের চেয়ে বেশি সুদ দিচ্ছে। আমানত সংগ্রহের এই অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করতে এসব ব্যাংকের প্রধান নির্বাহীদের আলাদাভাবে ডাকা হয়েছে।”
বিষয়টি প্রমাণিত হলে ব্যাংকগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ডেপুটি গভর্নর।
সুর চৌধুরী জানান, অনেক ব্যাংক সন্দেহজনক লেনদেনের (এসটিআর) প্রতিবেদন জমা দিচ্ছে না। এ কারণে কয়েকটি ব্যাংকে জরিমানা করা হয়েছে।
এজন্য সব ব্যাংককে সময়মত এসটিআর করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।
ডিসেম্বর শেষে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ১৮ শতাংশের কাছাকাছি দাঁড়িয়েছে জানিয়ে সুর চৌধুরী বলেন, “আমরা ব্যাংকগুলোকে ঋণ বিতরণে সতর্ক হতে বলেছি। যাতে একটি গ্রুপ বা প্রতিষ্ঠানে অতিরিক্ত ঋণ চলে না যায়।”
ইনল্যান্ড বিল পারচেজ বিষয়ে এস কে সুর চৌধুরী বলেন, “যেসব আইবিপি পারচেজ করা হয়েছে এবং তার একসেপ্টেন্স রয়েছে সেগুলোর বিল দ্রুত পরিশোধ করতে হবে। কোনো ব্যাংক এ বিষয়ে অভিযোগ করলে বাংলাদেশ ব্যাংক বিল ক্রয়কারী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অর্থ কেটে তা পরিশোধ করবে।”
আগামী তিন মাসের মধ্যে সব ব্যাংককে ন্যাশনাল পেমেন্ট সুইচের আওতাভুক্ত হতে বলা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা জানান, অনেক ব্যাংকের অতিরিক্ত তহবিল থাকে, আবার অনেক ব্যাংকের তহবিল না থাকার কারণে সিআরআর (কেন্দ্রীয় ব্যাংকে বিধিবদ্ধ জমা) রাখতে পারে না। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে একটি লেনদেন প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে ব্যাংকগুলোর সঙ্গে আবারো আলোচনা করে পদ্ধতি ঠিক করা হবে।
এছাড়া আগামী মুদ্রানীতির ভঙ্গি, চাকরির নিয়োগ পরীক্ষায় পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট না না নেয়াসহ বেশকিছু বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
ব্যাংকারদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সভাপতি মোহাম্মদ নূরুল আমীন সাংবাদিকদের বলেন, কেন সিডিআর (ক্রেডিট ডিপোজিট রেশিও) কমেছে, কেন আমদানি কমছে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
“এছাড়া সিঙ্গেল ব্রোয়ার এক্সপোজার লিমিটের সুযোগে একই গ্রুপ যেন অতিরিক্ত ঋণ না পায় বা স্প্রেড যেন কমিয়ে আনা হয়, এসব বিষয়ে বিভিন্ন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয ব্যাংক। আমরা সেগুলো সময়মত করার চেষ্টা করবো।”
