ঢাকা আসছে যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি দল
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে জিএসপি সুবিধা বাতিলে কয়েকজন কংগ্রেসম্যানের সুপারিশের মধ্যেই কংগ্রেসের নিম্নকক্ষের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল ঢাকা সফরে আসছেন।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার স্বপন সাহা জানান, কংগ্রেসের শ্রম, স্বাস্থ্য এবং মানবসম্পদ সম্পর্কিত উপ-কমিটির সভাপতি রিপাবলিকান নেতা জ্যাক কিংস্টনের নেতৃত্বে এই প্রতিনিধি দলটি শনি ও রোববার বাংলাদেশের কয়েকটি কারখানা ঘুরে দেখবেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- কেন্টাকির অ্যাড হুইটফিল, কলরাডোর স্কট টিপটন ও ক্যালিফোর্নিয়ার এডাম সিফ।
ঢাকা সফরে তারা কয়েকটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করবেন এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের কিছু কর্মসূচিতে অংশ নেবেন।
স্বপন সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিসহ সংসদ সদস্যদের সঙ্গেও সাক্ষাত করতে পারেন।
বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের ১২ কংগ্রেসম্যানের সুপারিশ এবং বাংলাদেশের পোশাক খাত নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে নেতিবাচক খবর প্রকাশের প্রেক্ষিতে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের বেশ কয়েকজন কংগ্রেস সদস্যের সঙ্গে বৈঠক করেন।
তিনি বাংলাদেশের পোশাক শ্রমিকদের কল্যাণে সরকারের নেয়া বিভিন্ন ইতিবাচক পদক্ষেপের কথা তুলে ধরেন এবং তাদের ঢাকা ঘুরে যাওয়ার আমন্ত্রণ জানান।
এরই ধারবাহিকতায় এই প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গেও আলাদাভাবে বৈঠক করে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন রাষ্ট্রদূত।
ওই বৈঠকে কংগ্রেস সদস্যরা বলেন, বাংলাদেশ সফরে কারখানা ঘুরে দেখে এ বিষয়ে স্পষ্ট ধারণা পাবেন বলে আশা করছেন তারা।
