রিজার্ভ আবার ১৩ শ’ কোটি ছাড়িয়েছে
রেমিটেন্স প্রবাহ ভাল থাকায় এবং রপ্তানির পাওনা দ্রুত ছাড় হওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি মুদ্রার রিজার্ভ আবার ১৩ শ’ কোটি ডলার ছাড়িয়েছে।
বৃহস্পতিবার দিন শেষে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩০৬ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেমিটেন্সের ইতিবাচক ধারা অব্যাহত থাকায় এক মাসের মধ্যেই দ্বিতীয় দফা ১৩ শ’ কোটির ঘর অতিক্রম করেছে রিজার্ভ।
“তাছাড়া ডলারের দাম পড়ে যাওয়ায় রপ্তানিকারকরা দ্রুত তাদের পেমেন্ট দেশে আনছেন। এতে বিদেশি মুদ্রার প্রবাহ বেড়েছে।”
আমদানি ব্যয় হ্রাস পাওয়া এবং প্রকল্প সাহার্যের অর্থ ছাড়ের পরিমাণ বৃদ্ধিও এতে ভূমিকা রেখেছে বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা।
চলতি মাসের প্রথম সপ্তাহে রিজার্ভ অতীতের সব রেকের্ড ভেঙ্গে ১৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।
৭ জানুয়ারি রিজার্ভ ১৩ দশমিক ১২ বিলিয়ন ডলারে ওঠে।
এরপর নভেম্বর-ডিসেম্বর মেয়াদে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ৫৯ কোটি ডলার আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ ১২ দশমিক ৬৩ বিলিয়ন ডলারে নেমে আসে।
বিদেশি মুদ্রা আসার প্রবাহ ভাল থাকায় ১৭ দিনের মাথায় আবার তা ১৩ বিলিয়ন ডলার ছাড়াল।
গত বছরের মতো চলতি বছরের শুরুতেও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।
জানুয়ারি মাসের প্রথম ১৮ দিনে (পহেলা জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত) ৮০ কোটি ৫৪ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।
আর ২০১২ সালে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১ হাজার ৪২০ কোটি ডলার। দেশের ইতিহাসে এক বছরে এই পরিমাণ রেমিটেন্স আগে কখনো আসেনি।
