২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনসার ভিডিপি ব্যাংক ২০ কোটি টাকা ঋণ পাচ্ছে

তহবিল সংকট নিরসন ও কৃষি ঋণ বিতরণের লক্ষ্যে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংককে ২০ কোটি টাকা ঋণ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেখ আবদুল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 03:55 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

গত ২০ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের এক বৈঠকে এ ঋণ অনুমোদন দেওয়া হয়।

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ঋণ অনুমোদন সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, “বিশেষায়িত এই ব্যাংকটির নগদ তহবিলের সংকট দূর ও কৃষি ঋণ কর্মসূচীর সফল বাস্তবায়নের লক্ষ্যে এ ঋণ দেওয়া হচ্ছে।”

এতে অারো বলা হয়, দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং নিম্নবিত্ত ও দরিদ্র আনসার ভিডিপি সদস্যদের আয় উৎসারী কর্মকান্ড সম্প্রসারণের লক্ষ্যে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক-কে বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর ১৬(১০) ধারা বলে ২০ কোটি টাকা ঋণ মঞ্জুর করা হলো।

বিশেষায়িত এই ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের কাছে ১০০ কোটি টাকার তহবিল সহায়তা চেয়েছিল।  

পাঁচ বছর মেয়াদি এই ঋণের সুদ হার ৫ শতাংশ। নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংক সুদ-আসল পরিশোধ করতে না পারলে অতিরিক্ত ৫ শতাংশ হারে অনাদায়ী ঋণের উপর দন্ডসুদ আরোপিত হবে।

এর আগেও কেন্দ্রীয় ব্যাংক আনসার ভিডিপি ব্যাংককে ২০ কোটি টাকা ঋণ দেয়।

এ বিষয়ে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের উপ মহাব্যবস্থাপক(শাখা নিয়ন্ত্রণ বিভাগ) তপন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক শুধু মাত্র নিজেদের সদস্যদর মধ্যে ঋণ বিতরণ করে। বর্তমানে ব্যাংকটির ২৫ লাখ সদস্য রয়েছে। এ সব সদস্যের চাহিদা অনুযায়ী ঋণ দেওয়ার মত তহবিল ব্যাংকটির নেই।

“এজন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আমাদের ব্যাংক ১০০ কোটি টাকা তহিবল সহযোগিতা চেয়ে আবেদন করেছিলো। কেন্দ্রীয় ব্যাংক ২০ কোটি টাকা ঋণ অনুমোদন করেছে। এর মাধ্যমে আমরা চাহিদার কিছুটা পূরণ করতো পারবো।”

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সারা দেশে ১৭০টি শাখা রয়েছে। এসব শাখার মাধ্যমে সদস্যদের মধ্যে ঋণ বিতরণ করা হয়। পাঁচ জন সদস্যকে নিয়ে একটি গ্রুপ করা হয়, এরকম ১০টি গ্রুপ নিয়ে একটি সেন্টার গঠন করা হয়। সাপ্তাহিক ভিত্তিতে ঋণ বিতরণ ও আদায় করা হয়। ব্যাংকটি মুলতঃ ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করে থাকে।

১৯৯৬ সালে এই ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। ব্যাংকটি শুধুমাত্র সদস্যদের মাঝেই ঋণ বিতরণ ও আমানত সংগ্রহ করে।

বর্তমানে ব্যাংকটির মোট তহবিল ২১৫ কোটি ৮০ লাখ টাকা। এরমধ্যে পরিশোধিত মূলধন ৫৪ কোটি ২০ লাখ, কৃষিভিত্তিক শিল্পে সরকারি তহবিল ২০ কোটি, বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া ঋণ ২০ কোটি, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অনুকূলে ইস্যুকৃত বন্ড থেকে ১০ কোটি, সদস্যদের বাধ্যতামূলক গ্রুপ সঞ্চয় ২৬ কোটি ৩৭ লাখ ও বিভিন্ন ধরনের আমানত ৮৫ কোটি ২৩ লাখ টাকা রয়েছে।