গত বছরে ৭১ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব
গত বছর প্রায় ৭১ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব জমা পড়েছে, যা থেকে প্রায় ৩ লাখ ৬৪ হাজার কর্মসংস্থান হবে।
বিনিয়োগ বোর্ডে ২০১২ সালে নিবন্ধিত শিল্পের পরিসংখ্যানে এ তথ্য প্রকাশিত হয়েছে বলে সোমবার বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১২ সালে বিনিয়োগ বোর্ডে এক হাজার ৮৫৫টি শিল্প প্রকল্পে মোট ৭১ হাজার ৩৪৮ কোটি টাকার (৮৬৮ কোটি ৯১ লাখ ডলার) বিনিয়োগ প্রস্তাব জমা পড়েছে। এ সব প্রকল্পে তিন লাখ ৬৪ হাজার লোকের কর্মসংস্থান হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে সম্পূর্ণ স্থানীয় উদ্যোগে এক হাজার ৬৫৫ টি শিল্প প্রকল্পে ৫০ হাজার ৭৮ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব জমা পড়েছে।
এ সময়ে যৌথ ও শতভাগ বিদেশি উদ্যোগে ২০০টি প্রকল্পে প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ২১ হাজার ২৭০ কোটি টাকা (২৬০ কোটি ৮৩ লাখ ডলার)।
গত বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বিনিয়োগ বোর্ডে ৪২০টি শিল্প প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নিবন্ধিত এ সব শিল্প প্রতিষ্ঠানে প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ২৫ হাজার ৬৫৮ কোটি টাকা, যা আগের প্রান্তিকের চেয়ে ১০ হাজার ৭৮১ কোটি টাকা বেশি।
অক্টোবর-ডিসেম্বর সময়ে সম্পূর্ণ স্থানীয় বিনিয়োগে নিবন্ধিত শিল্প প্রকল্পের সংখ্যা ৩৭৩টি। এতে বিনিয়োগের পরিমাণ ১০ হাজার ৪০৯ কোটি টাকা।
১৬টি বিদেশি ও ৩১টি যৌথ বিনিয়োগ প্রকল্পে প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ১৫ হাজার ২৪৮ কোটি টাকা।
জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ৩৭২টি স্থানীয় বিনিয়োগ প্রস্তাব নিবন্ধিত হয়েছে। বিনিয়োগের পরিমাণ ছিল ১১ হাজার ৬২৩ কোটি টাকা।
যৌথ ও বিদেশি বিনিয়োগের পরিমাণ তিন হাজার ২৫৩ কোটি টাকা। প্রকল্প সংখ্যা ৪৮টি।
অর্থাৎ আলোচ্য সময়ে স্থানীয়, যৌথ ও শতভাগ বিদেশি বিনিয়োগে নিবন্ধিত ৪২০টি প্রকল্পে ১৪ হাজার ৮৭৬ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব জমা পড়েছে। যা তার আগের প্রান্তিকের চেয়ে ৭২ দশমিক ৪৮ শতাংশ বেশি।
অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে সবচেয়ে বেশি ৬২ শতাংশ বিনিয়োগ প্রস্তাব এসেছে সেবা খাতে। মোট প্রস্তাবের ১৩ শতাংশ এসেছে শিল্প খাতে। এছাড়া কৃষিভিত্তিক ও অন্যান্য শিল্প খাতে এসেছে যথাক্রমে ৯ দশমিক ৩৯ এবং ৭ দশমিক ৯২ শতাংশ।
এই প্রান্তিকে নিবন্ধিত ৪২০টি শিল্পে ৮৪ হাজার ৮৪২ জনের কর্মসংস্থানের সুযোগ হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
