২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রাহকসেবা দ্রুত করতে ব্র্যাক ব্যাংকের নতুন উদ্যোগ

গ্রাহকদের দ্রুত সেবা দেয়ার লক্ষ্যে শাখা কার্যালয়ে স্বয়ংক্রিয় লাইন ব্যবস্থাপনা পদ্ধতি চালু করেছে বেসরকারি ব্র্যাক ব্যাংক লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2013, 03:13 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

কম্পিউটারচালিত এই ব্যবস্থায় শাখা কার্যালয়ে গিয়ে কোন কোন ডেস্কে কী কী সেবা পাওয়া যাবে তা অতি সহজেই জানতে পারবেন গ্রাহক। এতে গ্রাহকদের অতিরিক্ত সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না।

শনিবার ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই পদ্ধতিতে বিভিন্ন সেবা যেমন- প্রতিনিধি ও অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য, বৈদেশিক রেমিটেন্স, আইপিও, টিউশন ফি জমার জন্য পৃথক লাইন থাকবে। এতে প্রিমিয়াম, সুপ্রিম ও কর্পোরেট গ্রাহকদের জন্য অগ্রাধিকার সেবা প্রদানের ব্যবস্থা নিশ্চিত করা হবে।

কোনো একটি ডেস্কে সেবা প্রার্থীদের অধিক ভিড় থাকলে পরিস্থিতি অনুযায়ী ফ্লোর ম্যানেজার অন্য ডেস্কে দ্রুত সেবা নিশ্চিত করতে পারবেন।

গ্রাহকদের ‘আনন্দময় ব্যাংকিং সেবা’ দেয়ার প্রতিশ্রুতির অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক এই সেবা চালু করেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

ব্যাংকের পরিচালক হাফিজ জি এ সিদ্দিকী এবং ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান সম্প্রতি বনানী শাখায় এই সেবার উদ্বোধন করেন। এ সময় রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান ফিরোজ আহমেদ খান উপস্থিত ছিলেন।