২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতি বাড়াবে’

জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি বাংলাদেশে মূল্যস্ফীতি বাড়িয়ে দেবে বলে মনে করে বিশ্ব ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2013, 04:48 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

বিশ্ব ব্যাংক বলেছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও খাদ্য মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে তুলনামূলক সামান্য হলেও বাংলাদেশে মূল্যস্ফীতি বাড়ছে।

বুধবার প্রকাশিত বিশ্ব ব্যাংকের ‘বৈশ্বিক অর্থনৈতিক সম্ভাবনা (গ্লোবাল ইকনোমিক প্রসপেক্ট)’ প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত বাংলাদেশে মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় বাড়ছিল। কিন্তু জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাজারে ভোগ্য পণ্যের দাম বেড়ে যাবে।

গত ৩ জানুয়ারি মধ্যরাত থেকে পেট্রোল ও অকটেনের দাম লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ৭ টাকা বাড়িয়েছে সরকার।

২০১২ সালে বাংলাদেশ ও পাকিস্তানে গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশ ছাড়িয়ে গেছে। আর ভারত, শ্রীলংকা ও নেপালের এ হার ৯ থেকে ১০ শতাংশের মধ্যে আছে।

“ভারত ছাড়া অন্যান্য দেশে খাদ্য মূল্যস্ফীতি সহনীয় ছিল। কিন্তু বাংলাদেশ ও পাকিস্তানে তা বাড়তে শুরু করেছে।”

২০০৫-০৬ অর্থবছরের তথ্যকে ভিত্তি ধরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায় গত ডিসেম্বর মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ১৪ শতাংশ। নভেম্বরে এই হার ৬ দশমিক ৫৫ শতাংশ ছিল।

আর ১৯৯৫-৯৬ অর্থবছরের তথ্যকে ভিত্তি ধরে করা পুরনো হিসাবে সার্বিক মূল্যস্ফীতি নভেম্বরের ৭ দশমিক ৪১ শতাংশ থেকে বেড়ে ডিসেম্বরে ৭ দশমিক ৬৯ শতাংশ হয়েছে।

গত বছরের জুলাই মাস থেকে পরিসংখ্যান ব্যুরো নতুন-পুরনো দুই হিসাবেই মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৮ শতাংশ হবে।

বিশ্ব অর্থনীতির মন্দাবস্থার মধ্যেও বাংলাদেশের রপ্তানি পরিমিত থাকবে বিবেচনা করে বিশ্ব ব্যাংক এ পূর্বাভাস দিয়েছে।

২০১৩ সালে দক্ষিণ এশিয়ায় জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৫ দশমিক ৭ শতাংশ, যা ২০১২ সালের প্রাথমিক হিসাবের চেয়ে কিছুটা বেশি। আর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে ২ দশমিক ৪ শতাংশ।

তবে পরের বছরগুলোতে প্রবৃদ্ধি বাড়বে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, গত ২০১১-১২ অর্থবছরে বাংলাদেশ ৬ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

সরকার চলতি অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরলেও বিশব্যাংক, আইএমএফ  ও এডিবি এমনকি বাংলাদেশ ব্যাংকও মনে করছে এবার লক্ষ্যমাত্রা অর্জিত হবে না।

বিশ্ব ব্যাংক গত অক্টোবরে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে তাতে প্রবৃদ্ধি ৬ শতাংশের কাছাকাছি হবে বলে উল্লেখ করা হয়েছিল।

বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালে বাংলাদেশে রপ্তানি খাতে তেমন প্রবৃদ্ধি না হলেও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ ছিল খুবই ভালো।

কৃষি খাতও ছিল তুলনামূলভাবে বেশ ভালো। যা অভ্যন্তরীণ চাহিদার জন্য খুবই সহায়ক ছিল।

অবকাঠামো সমস্যা, রাজনৈতিক অনিশ্চয়তা ও আন্তর্জাতিক ক্ষেত্রে নানা প্রতিকূলতার মধ্যেও এ খাতগুলোতে বাংলাদেশ ভালো করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং বাজার সম্প্রসারণ করা গেলে বাংলাদেশ লাভবান হবে।

কিন্তু  অবকাঠামো ও জ্বালানি সংকট বাংলাদেশের সে সম্ভাবনাকে দমিয়ে রাখতে পারে বলা হয়েছে এতে।

বিশ্ব ব্যাংকের এই প্রতিবেদনে আগামী ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশে ৬ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। এর পরের অর্থবছরে তা হবে ৬ দশমিক ৫ শতাংশ।

বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার হবে- এমন প্রত্যাশা করে এ প্রাক্কলন করা হয়েছে। যদিও ২০১৫ সাল নাগাদ ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে বলে লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের।

প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রবৃদ্ধি ২০১২ সালে ৭ দশমিক ৫ শতাংশে সীমিত থাকবে, যা আগের বছরের তুলনায় কম।

তবে এ অঞ্চলে ২০১৩ সালে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৭ দশমিক ৯ শতাংশ হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।