বাণিজ্যমেলায় 'লাঞ্ছিত' ইপিবির কর্মকর্তারা
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়ম বহির্ভূত কার্যক্রম বন্ধ করতে গিয়ে মেলার আয়োজক ও পরিচালনাকারি প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্মকর্তারা লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মেলার প্রবেশ গেটের ইজারাদার প্রতিষ্ঠানের লোকজন বৃহস্পতিবার রাতে মেলা সচিবালয়ে ঢুকে ইপিবির প্রকৌশলী ইসমাইল আলীকে মারধর ও গালিগালাজ করে বলে অভিযোগ করেছেন ইপিবির কর্মকর্তারা।
এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করে ইপিবির ভাইস চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। এ ঘটনার প্রেক্ষিতে আমরা এখনও কোনো সিদ্ধান্ত নিইনি।”
এ বিষয়ে শুক্রবার বিকালে শহীদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
প্রবেশদ্বার পরিচালনার জন্য ইজাদার প্রতিষ্ঠান যে কমিটি গঠন করেছে তার সভাপতি ফরিদুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ প্রসঙ্গে বলেন, “আমি শুনেছি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও ইপিবির কর্মকর্তা মিলে মেলায় অংশ নেওয়া কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনৈতিক হস্তক্ষেপ করেছে। যার প্রেক্ষিতে সংশ্লিস্টরা প্রতিবাদ জানিয়েছে। ওইসময় কিছু বাতবিতণ্ডা হয়েছে।”
ইপিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা মেয়াদোত্তীর্ন পণ্য বিক্রি করছে। আবার অনেকে মান সম্মত নয় এমন পণ্য বিক্রি করছে। ভোক্তাদের থেকে অতিরিক্ত দাম রাখছে। এসব বিষয়ে ভোক্তা সংরক্ষণ অধিদফতর আইনানূগ ব্যবস্থা নিলে প্রতিষ্ঠানগুলোর লোকজন মেলা সচিবালয়ে এসে গালিগালাজ করে। এসময় ইপিবির কর্মকর্তা ইসমাইল আলীকে মারধরও করে তারা। শহীদুল ইসলাম নামে প্রবেশ গেট ইজাদার প্রতিষ্ঠানের একজন এই কাজে নেততৃত্ব দিয়েছে।”
এদিকে বিষয়টি ইপিবির পক্ষ থেকে বাণিজ্যমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শনিবার এ নিয়ে একটি জরুরি বৈঠকও ডেকেছে ইপিবি কর্তৃপক্ষ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মূলত মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের মান, মোড়কের গায়ে পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্নের তারিখ ও ওজন ঠিক আছে কি না তা পরীক্ষা করছে। এছাড়া খাবার হোটেলগুলোতে সরবরাহ করা খাবারের মান, রান্নার পরিবেশ দেখছে। এ পর্যন্ত ২০ টি প্রতিষ্ঠানকে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে তারা।
আবার ঠিকভাবে পণ্য সংরক্ষণ না করা, জনসাধারণের চলাচলের জায়গায় পণ্য রাখাসহ বিভিন্ন অভিযোগে ইপিবিও বিভিন্ন প্রতিষ্ঠানের মালামাল জব্দ করেছে।
