২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী’

জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সভাপতি শেখ মুহাম্মদ শহীদুল্লাহ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 11:58 AM

Updated : 25 Apr 2022, 06:15 PM

শুক্রবার নয়া পল্টনে মুক্তিভবনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি বলেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভর্তুকি কমানোর কথা বলে মূল্য বৃদ্ধির এই সিদ্ধান্ত ‘অযৌক্তিক ও জনস্বার্থবিরোধী’।

“তেল-গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনপ্রতিরোধের মাধ্যমে সরকারকে এর জবাব দিতে হবে।”

জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেন, “স্বল্প মেয়াদে রাষ্ট্রয়াত্ত্ব বিদ্যুৎ প্লান্ট মেরামত ও নবায়ন করলে কুইক রেন্টালের ব্যয়ের ২০ ভাগের ১ ভাগ অর্থ দিয়ে বেশি বিদ্যুৎ পাওয়া সম্ভব হত।”

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেয়ার শর্তপূরণ করতে তেল ও বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

বর্তমান সরকার আমলে পঞ্চম দফায় গত ৩ জানুয়ারি জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। এতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৭ টাকা এবং অকটেন ও পেট্টোলের দাম লিটার প্রতি ৫ টাকা বাড়ে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ১৬ জানুয়ারি সারা দেশে অর্ধদিবস হরতাল ডেকেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বামমোর্চা।একই কারণে এর আগে গত ৬ জানুয়ারি দিনব্যাপী হরতাল করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে সৈয়দ আবুল মকসুদ, বিডি রহমতুল্লাহ, অধ্যাপক এম শামসুল আলম, ম. ইনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।