‘হল-মার্ককাণ্ডে ক্ষুন্ন রাষ্ট্রীয় ব্যাংকগুলোর ভাবমূর্তি’
সোনালী ব্যাংকে হল-মার্ক ঋণ কেলেঙ্কারির ঘটনা সরকারি ব্যাংকগুলোর ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোতে নতুন নিয়োগ পাওয়া পরিচালকদের এক বৈঠকে এ কথা বলেন তিনি।
এবারই প্রথম নতুন পরিচালকদের নিয়ে এ ধরনের বৈঠক আহ্বান করে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও ছিলেন।
বৈঠকে লিখিত বক্তব্যে আতিউর বলেন, “করপোরেট সুশাসনে অপর্যাপ্ত মনোযোগের কারণে ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে জবাবদিহিতার অস্পষ্টতা ও অভাব ব্যাংকগুলোর ঋণ সম্পদের গুণগত মান, মূলধন ও প্রভিশনিং পর্যাপ্ততা এবং অন্যান্য প্রুডেনশিয়াল নজরদারির সূচকগুলোকে দুর্বল রেখেছে।
“অভ্যন্তরীণ নিরীক্ষা ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় শৈথিল্য হল-মার্ক কেলেঙ্কারির মতো বড়ো ঋণ জালিয়াতির অবকাশ তৈরি করে রাষ্ট্রীয় ব্যাংকিং খাতের ভাবমূর্তি গুরুতরভাবে মলিন করেছে।”
এ অবস্থা থেকে উত্তরণে বাংলাদেশ ব্যাংক তার সার্বিক নজরদারির পরিমাণগত ও গুণগত মানের ব্যাপক পরিবর্তন এনেছে বলে জানান গভর্নর।
জাল জালিয়াতির ঝুঁকি নিরসনে বড় ধরনের উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে পরিচালনা পর্ষদকে এসব দিকে বিশেষ নজর এবং প্রয়োজনীয় নীতি সমর্থন দেয়ার আহ্বান জানান তিনি।
বৈঠকে অর্থমন্ত্রী, গভর্নর ও নতুন পরিচালকরা ছাড়াও অর্থসচিব ফজলে কবীর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসলাম আলম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সোনালী ব্যাংকে হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় ব্যাংকটির পরিচালনা পর্ষদের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে।
দুর্নীতি দমন কমিশন এই ঘটনায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান কাজী বাহারুল ইসলামসহ বেশ কয়েকজন পরিচালককে জিঙ্গাসাবাদ করেছে।
পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ইতোমধ্যে সরকার সোনালী ব্যাংকে নতুন চেয়ারম্যানসহ কয়েকজন পরিচালক নিয়োগ দিয়েছে। অন্য সরকারি ব্যাংকেও নতুন পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।
