বাণিজ্য ঘাটতি কমেছে ১০০ কোটি ডলার
চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে আমদানি-রপ্তানি বাণিজ্যে ঘাটতি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১০০ কোটি (১ বিলিয়ন) ডলার কমে এসেছে।
বাংলাদেশ ব্যাংক বুধবার হালনাগাদ এই তথ্য প্রকাশ করার পর অর্থনীতিবিদরা বলছেন, অর্থবছরের প্রথম পাঁচ মাসে আমদানি ব্যয় কমে আসায় ঘাটতি কমেছে।
তবে এতে করে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করে দিয়েছেন তারা।
কেন্দ্রীয় ব্যাংকের লেনদেনের ভারসাম্য সারণীতে দেখা যায়, চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম পাঁচ মাসে আমদানি ব্যয় ও রপ্তানি আয়ের মধ্যে পার্থক্য দাঁড়িয়েছে ৩৪৯ কোটি ৪০ লাখ ডলার। গত বছরের এই সময়ে ঘাটতি ছিল ৪৪৮ কোটি ১০ ডলার।
এ হিসাবে ওই সময়ে বাণিজ্য ঘাটতি কমেছে ৯৮৭ কোটি ডলার, বা ২২ শতাংশ।
জ্বালানি তেল, খাদ্যপণ্যের পাশাপাশি এই সময়ে মূলধনী যন্ত্রপাতির আমদানিও কমেছে, যা শিল্পায়নের জন্য নেতিবাচক বলে মনে করছেন গবেষকরা।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সার্বিকভাবে আমদানি ব্যয় কমা ভাল। তবে শিল্প স্থাপনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যে মূলধনী যন্ত্রপাতি, তার আমদানি কমলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।”
তেমনটা ঘটলে চলতি অর্থবছরে সরকারের প্রত্যাশিত ৭ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন নাও হতে পারে বলে সতর্ক করেন তিনি।
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, “আপাত দৃষ্টিতে বাণিজ্য ঘাটতি কমাকে ভালো মনে হতে পারে। আমদানি খাতে ব্যয় কমছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। কিন্তু সার্বিক বিবেচনায় এটাকে পজিটিভ বলা যাচ্ছে না।
“ক্যাপিটাল মেশিনারি (মূলধনী যন্ত্রপাতি), কাঁচামালসহ শিল্প খাতের জন্য প্রয়োজনীয় সব ধরনের পণ্যের আমদানি কমছে। এতে শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়বে। উৎপাদন কম হবে। কাঙ্ক্ষিত জিডিপি প্রবৃদ্ধি অর্জন নাও হতে পারে।”
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে ১ হাজার ৩৪৭ কোটি ৪০ লাখ ডলারের পণ্য আমদানি হয়েছে। আর তৈরি পোশাকসহ অন্যান্য পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৯৯৮ কোটি ডলার। এই হিসাবে সার্বিক ঘাটতি থাকছে ৩৪৯ কোটি ৪০ লাখ ডলার।
২০১১-১২ অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে পণ্য আমদানি খাতে মোট ব্যয় হয়েছিল ১ হাজার ৪০৮ কোটি ১০ লাখ ডলার। রপ্তানি খাতে আয় হয়েছিল ৯৬০ কোটি ডলার। ঘাটতি ছিল ৪৪৮ কোটি ১০ লাখ ডলার।
দুই অর্থবছরের পাঁচ মাসের হিসাব বিবেচনায় নিলে আলোচ্য সময়ে আমদানি ব্যয় কমেছে ৪ দশমিক ৩১ শতাংশ। আর রপ্তানি আয় বেড়েছে ৩ দশমিক ৯৬ শতাংশ।
২০১১-১২ অর্থবছরের পুরো সময়ে (১২ মাসে) সার্বিক বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ৭৯৯ কোটি ৫০ লাখ ডলার।
সিপিডির নির্বাহী পরিচালক বলেন, সাধারণত বাণিজ্য ঘাটতি প্রতিবছরই বাড়ে। তবে এবার ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।
“গত কয়েক বছর ধরে ধানের বাম্পার ফলনের কারণে চাল আমদানি করতে হচ্ছে না। জ্বালানি তেল আমদানি খাতেও ব্যয় কম হচ্ছে।”
গত অর্থবছরের চেয়ে এবার সার্বিক বাণিজ্য কম হবে বলেই মোস্তাফিজুর রহমানের ধারণা।
আমদানি কমায় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ১৩শ’ কোটি ডলার ছাড়িয়েছে।
অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় বেড়েছে ৪ দশমিক ৩৬ শতাংশ। আর একই সময়ে আমদানি ব্যয় কমেছে ৬ দশমিক ৮৮ শতাংশ। গত বছরের একই সময়ে আমদানি ব্যয় ২১ দশমিক ৬৩ শতাংশ বেড়েছিল।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, লেনদেনের ভারসাম্য সারণীতে আমদানি ও রপ্তানির যে হিসাব দেয়া হয়েছে, তাতে আমদানি ও রপ্তানি পণ্য মূল্যের প্রকৃত হিসাব (এফওবি) দেখানো হয়েছে। এ হিসাবে পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে ইন্সুরেন্স (বীমা), পিএসআইসহ (প্রাক-জাহাজীকরণ পরিদর্শন) অন্যান্য চার্জ বাদ দিয়ে হিসাব করা হয়েছে। এ সব চার্জ সেবা খাতের সঙ্গে যোগ করা হয়েছে। সে কারণে মোট রপ্তানি আয় ও আমদানি ব্যয়ের যে হিসাব পাওয়া যায় তার সঙ্গে এ হিসাবের কিছুটা হেরফের থাকতে পারে।
