২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তাজরিন মালিককে বাঁচানোর চেষ্টায় বিজিএমইএ’

তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের পিছনে নাশকতার যে কথা বিজিএমইএর তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তা প্রত্যাখ্যান করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2013, 01:13 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের পিছনে নাশকতার যে কথা বিজিএমইএর তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তা প্রত্যাখ্যান করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম।

সোমবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, “বিজিএমইএ’র তদন্ত রিপোর্ট আমি প্রত্যাখ্যান করছি। কারণ প্রতিবেদনটি একতরফাভাবে তৈরি করা হয়েছে।

“এছাড়া মালিকপক্ষকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে ওই প্রতিবেদনে। তারা তাজরীনের অগ্নিকাণ্ডের পেছনে যে নাশকতার কথা বলেছে, তা আক্রমণাত্মক ও উস্কানিমূলক।”

গত ৩১ ডিসেম্বর তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ তাদের তদন্ত প্রতিবেদনে বলে, তাজরীন ফ্যাশনসে আগুনের ঘটনাটি ছিল পরিকল্পিত। ওই পোশাক কারখানার ভেতরের কেউই এতে জড়িত থাকতে পারে।

গত ২৪ নভেম্বর অগ্নিকাণ্ডে আশুলিয়ার ওই কারখানায় অন্তত ১১১ শ্রমিক নিহত হন, যে ঘটনার জন্য কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে একে ‘হত্যাকাণ্ড’ বলে দাবি করছে শ্রমিক সংগঠনগুলো।

ওই অগ্নিকাণ্ড তদন্তে গঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত কমিটি ইতোমধ্যে প্রতিবেদন দিয়েছে এবং তারা কারখানা কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে।

অকুপেশনাল হেলথ, সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন(ওসি) আয়োজিত অনুষ্ঠানে ইসরাফিল আলম বলেন, “বিজিএমইএ নিজেদের ইচ্ছামতো প্রতিবেদন তৈরি করে নাশকতার কথা বলছে।

“এই তদন্ত দলে সরকার, শ্রমিক, ক্রেতাদের প্রতিনিধি কেউই ছিল না। এ থেকে বোঝা যায়, এ দেশের পোশাক কারখানার মালিকরা ব্যবসায়ীই থেকে গেছেন, মানুষ হননি।”

নাশকতার কথা বলে তার ‘মূল অপরাধীকে’ বাঁচানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

সংসদীয় কমিটির সভাপতি বলেন, প্রতিটি পোশাক কারখানা কোটি কোটি টাকার ব্যবসা করে, অথচ তারা শ্রমিকদের জন্য সার্ভিস বুক তৈরি করে না।

বিজিএমইএ তাজরীনে অগ্নিকাণ্ডে আহত ও নিহতদের পরিবারকে সহায়তার যে প্রতিশ্রুতি দিয়েছে, তাও বাস্তবায়ন হচ্ছে না বলে জানান ইসরাফিল আলম।

তিনি বলেন, “আমার নির্বাচনী এলাকার একজন নারী শ্রমিক তাজরীনের অগ্নিকাণ্ডে আহত হয়েছেন। সে কোনো ক্ষতিপূরণ পায়নি। সেই মহিলা আমার কাছে এসেছিল। এছাড়া নিহতদের পরিবারের যে দায়িত্ব নেয়ার কথা বলা হয়েছে তা মুখে মুখে। তাদের সঙ্গে কেউ কোনো যোগাযোগ করছে না।”

তাজরীন ফ্যাশনসের মালিককে গ্রেপ্তারের দাবিও জানান সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম শহীদুল্লাহ বলেন, “তৈরি পোশাক কারখানার অধিকাংশ মালিক এসব বিষয়ে সচেতন নয়। এছাড়া শ্রমিকদেরও সচেতনতার অভাব রয়েছে। আগুন ধরবে, তবে তা থেকে ক্ষয়ক্ষতি কমানোর জন্য ভবনের অবকাঠামোগত দুর্বলতা দূর করতে হবে।”

শ্রমিক নেতা শুক্কুর মাহমুদ বলেন, “তাজরীনে যা ঘটেছে, তা বিজিএমইএ ও কারখানার মালিকের খামখেয়ালির কারণে হয়েছে।”

তাজরীনের মতো কারখানাকে বিজিএমইএর সদস্যপদ দেয়া কতটা ঠিক হয়েছে, তা বিচার করা দরকার বলে মন্তব্য করেন তিনি।

শুক্কুর মাহমুদ বলেন, তৈরী পোশাক খাত নিয়ন্ত্রণের জন্য সরকারের আলাদা কর্তৃপক্ষ গঠন করা উচিত।

অনুষ্ঠানে তাজরীনের শ্রমিক মমিনুর রহমান, হারুন রশিদ, মোরশেদা ও সৈয়দ আলী বক্তব্য দেন।

তারা বলেন, আগুন লাগার পরেও ‘স্যাররা’ শ্রমিকদের বের হতে দেয়নি। তারা বলেছে, ‘আগুনের মহড়া চলছে’। পরে দেখা যায়, চারিদিকে আগুন, সিড়ি ধোঁয়ায় ভর্তি। তখন আর সময় ছিল না। তাদের জন্য এত মানুষ মারা গেছে।

ওসির চেয়ারম্যান সাকি রেজওয়ানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে এমিয়ান মনিটর রিসোর্স সেন্টারের পরিচালক সঞ্জীব পন্ডিত, ওসির প্রোগ্রাম ম্যানেজার ওমর ফারুক বক্তব্য দেন।