সরকারের গলার কাঁটাই রইল শেয়ারবাজার
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা নেয়ার প্রায় দুই বছরের মধ্যে পুঁজিবাজারে ধসের পর ‘প্রণোদনা প্যাকজ’ ঘোষণাসহ নানা উদ্যোগেও ফেরানো যায়নি বিনিয়োগকারীদের আস্থা। জানাচ্ছেন ফারহান ফেরদৌস।
ফারহান ফেরদৌস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের ব্যর্থতাগুলোর মধ্যে অন্যতম হয়ে আছে পুঁজিবাজার। ক্ষমতা নেয়ার প্রায় দুই বছরের মধ্যে ধসের পর ‘প্রণোদনা প্যাকজ’ ঘোষণাসহ সরকারের নানা উদ্যোগেও ফেরানো যায়নি বিনিয়োগকারীদের আস্থা ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ওসমান ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০১০ সালে ঘটে যাওয়া পুঁজিবাজারের ধসকে আমি আওয়ামী লীগ সরকারের এক ধরনের ব্যর্থতা বলব।”
“কারণ এসইসি চেয়ারম্যান অথবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থমন্ত্রী বা অর্থমন্ত্রনালয়ের সচিব যাদের ভুলের কারনে এ ধস হয়ে থাকুক না কেন এরা সবাই সরকারের প্রতিনিধি, তাই সরকারের কোন প্রতিনিধির ব্যর্থতা সরকারের ব্যর্থতা হিসেবে ধরে নিতে হবে।”
১৯৯৬ সালের ধসের ঘটনার সাথে মিলে যাচ্ছে এ ধস। আওয়ামী লীগ সরকার ক্ষমতা নেয়ার পরের বছর ১৯৯৬ সালেও ধস নেমেছিল পুঁজিবাজারে।
অধ্যাপক ওসমান ইমাম বলেন, “হয়ত এটা কাকতাল, কিন্তু পুঁজিবাজারের দুটি বড় ধসই কিন্তু এ সরকারের আমলে হয়েছে। আওয়ামী লীগ সরকারের এ বিষয়গুলোতে আরো সতর্ক থাকা উচিৎ ছিল, যেহেতু গতবারও তাদের আমলে এ ধরনের ঘটনা ঘটেছিল।”
আওয়ামী লীগ সরকার ক্ষমতা নেয়ার আগে সাধারণ সূচক ছিল প্রায় ২ হাজার ৭০০। এর পর থেকেই সূচক এবং লেনদেন বাড়তে থাকে দেশের পুঁজিবাজারে । ২০১০ সালের শেষের দিকে সূচক গিয়ে দাড়ায় ৮ হাজার ৯০০ পয়েন্ট। কৃত্রিমভাবে ফোলানো বাজারে এর পরই শুরু হয় পতন।
ডিএসই সাধারণ সূচক ২০১১ সালের জানুয়ারিতে নেমে আসে ৮ হাজার ১০০ পয়েন্টে। জানুয়ারিতে ৭ হাজার ১০০, ফেব্রুয়ারিতে ৬ হাজার, নভেম্বরে ৫ হাজারে এবং বছর শেষে নেমে আসে পাঁচ হাজারের নিচে।
শেষ পর্যন্ত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কথা এবং পুঁজিবাজার সংশ্লিস্ট সবার কথা মিথ্যা প্রমানিত করে বাজারে ১৯৯৬ সালের চেয়ে বড় পতন ঘটে।
মুহিত বলেছিলেন, “৩৩ লাখ বিনিয়োগকারীর বাজারে আর কোনো ‘৯৬ সালের পুনরাবৃত্তি ঘটবে না ।কারণ ৩৩ লাখ বিনিয়োগকারী বাজারের বড় শক্তি।”
পুঁজি হারিয়ে এই বিনিয়োগকারীরাই ২০১১ সালের বেশিরভাগ সময় ঢাকায় ডিএসই ভবনের সামনের সড়কে বিক্ষোভ করেছে।
এরই মধ্যে পুঁজিবাজারের ধসের কারণ খুঁজতে কৃষি ব্যাংকের চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম খালেদকে প্রধান করে সরকার গঠন করা চার সদস্যের কমিটি ৩০ দফা সুপারিশসহ ৩২০ পৃষ্টার তদন্ত প্রতিবেদন অর্থমন্ত্রী মুহিতের কাছে জমা দেন। এতে শেয়ারবজার ধসের জন্য নিয়ন্ত্রক সংস্থার ক্ষমতার অপব্যবহার, আইনি দুর্বলতা, প্লেসমেন্ট ব্যবসার নামে দুর্নীতি, একদল সংঘবদ্ধ বিনিয়োগকারীদের কারসাজি, আইনের মধ্যে থেকে কিছু সংখ্যক উদ্যোক্তা ও কোম্পানি মালিকদের অনৈতিক কর্মকাণ্ড ও রাজনৈতিক হস্তক্ষেপকে দায়ী করা হয় ।
দরপতন ঠেকাতে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তক্ষেপ করতে হয়। ২০১১ সালের নভেম্বরে এসইসি, বাংলাদেশ ব্যাংকসহ বাজার সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে শেখ হাসিনা দীর্ঘ বৈঠক করেন । এই বৈঠকের পর এসইসি বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী ২২ দফা প্রণোদনা ঘোষণা করে ।
ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও স্বল্প পুঁজির বিনিয়োগকারীদের ক্ষতি মেটানোর উপায় বের করতে আইসিবি ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামানকে প্রধান করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
পুঁজিবাজার স্থিতিশীল রাখতে প্রণোদনা প্যাকেজের ঘোঘণায় এ কমিটি গঠন ছাড়াও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পুঁজিবাজারে বিনিয়োগে একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময়সীমা ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।
ঘোষণায় পুঁজিবাজারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ ও বিদেশি বিনিয়োগে বিশেষ ছাড় দেওয়ার কথা বলা হয়। মার্চেন্ট ব্যাংকগুলোর নিজস্ব মূলধন সংগ্রহেরও সুযোগ রাখা হয়।
প্রণোদনা প্যাকেজের অংশ হিসেবে পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষাতে তাদের নেওয়া মার্জিন ঋণের এক বছরের সুদের ৫০ শতাংশ মওকুফ করা এবং গণপ্রস্তাবগুলোয় (আইপিও) ২০ শতাংশ কোটাও রাখা হয় ।
কিন্তু তাতেও দরপতন ঠেকানো যায়নি। আগের বছরগুলোর মতো ২০১২ সালও গলার কাঁটা হয়ে ছিল শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জন্য।
২০১২ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারন সূচক নামে আসে ৩ হাজার ৬১৬ সূচকে। এর পর বছরে আরও কয়েকবার সূচক চার হাজারের নিচে নামে। বছর শেষে সূচক দাড়ায় ৪ হাজার ২১৯ পয়েন্টে ।
