২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনেক ঘুরিয়ে অর্থ ছাড়ে রাজি হল আইএমএফ

লেনদেন ভারসাম্য নিয়ে সঙ্কটে থাকা বাংলাদেশ সরকার ১০০ কোটি ডলারের ইসিএফ তহবিলের দ্বিতীয় কিস্তির অর্থ পেতে চেষ্টা চালিয়ে আসছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 08:10 PM

Updated : 25 Apr 2022, 09:59 PM

বহু দর কষাকষির পর ১০০ কোটি ডলারের বর্ধিত ঋণ সুবিধা (ইসিএফ) তহবিলের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড় করতে রাজি হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে সোমবার বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, ১৪ কোটি ১০ লাখ ডলারের এই কিস্তির অর্থ আগামী বছরের জানুয়ারি মাসে পাওয়া যাবে।

“উই আর অন টক (আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি), আগামী জানুয়ারিতে পাওয়া যাবে,” সাংবাদিকদের বলেছেন তিনি।

এক বছর ঝুলে থাকার পর চারটি খাতে সংস্কারের শর্তে গত ১২ এপ্রিল আইএমএফের পরিচালনা পর্ষদ ৯৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের এই ঋণ অনুমোদন করে। ওই ঋণের অর্থ তিন বছরের মধ্যে ছয় কিস্তিতে ছাড় করার কথা ছিল।

ওই মাসের শেষের দিকে প্রথম কিস্তির ১৪ কোটি ১০ লাখ মার্কিন ডলার পায় বাংলাদেশ।

গত অক্টোবরে দ্বিতীয় কিস্তির ১৪ কোটি ১০ লাখ ডলার ছাড় করার কথা ছিল। কিন্তু শর্ত পূরণ না হওয়ায় দ্বিতীয় কিস্তির অর্থ ছাড় করতে গড়িমসি করে আইএমএফ।

ইসিএফ ফান্ডের দ্বিতীয় কিস্তি নিয়ে আলোচনার জন্য অক্টোবর মাসের শেষের দিকে সংস্থাটির একটি প্রতিনিধি দল ঢাকায় আসে।

অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দলটি ওয়াশিংটনে ফিরে গেলেও দ্বিতীয় কিস্তির অর্থ ছাড় হয়নি।

বিষয়টি নিয়ে আলোচনার জন্য ২৮ নভেম্বর সংস্থটির আরেকটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। তারা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ সরকারের শীর্ষ কর্মকর্তাদের পর সোমবার অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে।

লেনদেন ভারসাম্য নিয়ে সঙ্কটে থাকা বাংলাদেশ সরকার এক বছরের বেশি সময় ধরে আইএমএফের এই ঋণ পাওয়ার চেষ্টা চালিয়ে আসছিল।

ইসিএফ অনুমোদন সংক্রান্ত আইএমএফের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, অবস্থান সুসংহত করে আরো এগিয়ে নেয়া এবং প্রবৃদ্ধির ধারা আরো শক্তিশালী করার কাজে সহযোগিতা দিতেই বাংলাদেশকে এই ঋণ দেয়া হচ্ছে।

আইএমএফের পরামর্শ মেনে সরকার গত এক বছরে কয়েক দফা বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও বাংলাদেশের সংস্কার কর্মসূচি নিয়ে সন্তুষ্ট ছিল না তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “জ্বালানি, বিদ্যুৎ ও সারের দাম সমন্বয়ে বিলম্ব এবং আমদানি ব্যয় লাগামহীনভাবে বাড়তে থাকায় আর্থিক খাত ও বহির্বিশ্বে বাংলাদেশের অবস্থানের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।”

এ কারণে ঋণ পাওয়ার তিন বছরে সরকারকে দেশের আর্থিক খাতে গতিশীলতা আনা, সম্পদের সংগ্রহ বাড়ানো, সামাজিক ও উন্নয়ন খাতে ব্যয় বৃদ্ধি, বিদ্যুৎ ঘাটতি কমিয়ে আনা, অবকাঠামো উন্নয়ন, রপ্তানিমুখী বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান বাড়ানোর জন্য চারটি খাতে সংস্কার চালাতে হবে বলে উল্লেখ করা হয়েছিল বিজ্ঞপ্তিতে।

এই চারটি খাত হলো- আর্থিক নীতি, মুদ্রানীতি ও বিনিময় হার, আর্থিক খাত ও বিনিয়োগ খাত।

ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছিল, বিপুল পরিমাণ জ্বালানি তেল আমদানির জন্য ভর্তুকি এবং খাদ্যবহির্ভূত খাতে বড় মাত্রায় মুদ্রাস্ফীতির কারণে সরকারের আর্থিক খাত চাপের মধ্যে রয়েছে।