২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলাপি ঋণের পরিমাণ হ্রাস,মুদ্রাস্ফিতির হার নিয়ন্ত্রণ এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণ দেওয়াই হবে প্রধান কাজ : নবনিযুক্ত গভর্নর

নবনিযুক্ত গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ শুক্রবার বিডিনিউজকে বলেছেন, খেলাপি ঋণের পরিমাণ হ্রাস,মুদ্রাস্ফিতির হার নিয়ন্ত্রণ এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণ দেওয়াই হবে তার প্রধান কাজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

ড. সালেহ উদ্দিন বলেন, “এগুলোর জন্য আমি সবই করব, তবে একটি সমন্বিত উপায়ে আমাকে তা করতে হবে।” নতুন গভর্ণর হিসেবে তার পরিকল্পনা সংক্রান্ত প্রশ্নের জবাবে সালেহ উদ্দিন এ কথা বলেন।

তার মতে দেশের বিদ্যমান মুদ্রাস্ফিতি চিন্তিত হবার মতো অবস্থায় নেই। মুদ্রাস্ফিতি নিয়ন্ত্রণে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে মুদ্রাস্ফিতির হার ৬ দশমিক ১ ভাগ।

তিনি বলেন, “ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ঋণ পৌঁছে দেওয়া হবে আমার আরেক দায়িত্ব।” 

বর্তমানে দ্রব্যমুল্যের বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনার জন্য কিছু দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে।

দাতাদের চাপ প্রসঙ্গে তিনি জানান, প্রথমে নিজ দেশের স্বার্থ দেখতে হবে।

তিনি বলেন, “দাতারা অনেক সময় অনেক কিছু বলে যার সবকিছু মানা সম্ভব নয়। যদি আমাদের শক্তিশালী যুক্তি থাকে তাহলে তাদের সব কথা শুনতে হয় না। দেশের ক্ষতি হয় এমন কিছু আমি করব না।”

সালেহ উদ্দিন বলেন, “আমাদের অর্থনীতি বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছে, সমষ্টিক অর্থনীতিতে অনেক অর্জন রয়েছে, এই অর্জনকে স্থিতিশীল রাখা এবং সংস্কার কার্যক্রমকে দ্রুত করতে আমি সমন্বিত উদ্যোগ নিব।”

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক ড. সালেহ উদ্দিন আহমেদ আগামী ২ মে থেকে পরবর্তী চার বছর মেয়াদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে তার দায়িত্ব গ্রহণ করছেন।

গত বৃহস্পতিবার ড. সালেহউদ্দিনকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি বর্তমান গভর্নর ফখরুদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন।