আমদানি মূল্য পরিশোধের সময় বাড়ল
ডলার সাশ্রয় ও পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে শিল্পের কাঁচামাল ও কৃষি উপকরণের আমদানি মূল্য পরিশোধের সময় বাড়িয়ে এক বছর করেছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার অপর এক সার্কুলারে রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) সুদহার ১ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সার্কুলারে বলা হয়, শিল্পের কাঁচামাল, ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানিতে পণ্য মূল্য এক বছর সময়ের মধ্যে পরিশোধ করা যাবে।
তবে ইডিএফ তহবিল থেকে নেওয়া ঋণে আমদানি মূল্য পরিশোধে এ সুযোগ থাকবে না।
এর আগে গত জানুয়ারিতে পণ্য মূল্য পরিশোধে নির্ধারিত সময় ৬ মাস বা ১৮০ দিন থেকে বাড়িয়ে ২৭০ দিন করা হয়েছিল।
কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ নীতি অনুযায়ী, পণ্য আমদানি হওয়ার পর সেটির মূল্য পরিশোধ করতে সর্বোচ্চ ছয় মাস সময় পেতেন আমদানিকারকরা।
কোভিড ১৯ এর প্রভাব সামাল দেওয়া ও ডলার সাশ্রয়ে এই সীমা একাধিকবার ৬ মাস থেকে বাড়িয়ে ২৭০ দিন করেছিল কেন্দ্রীয় ব্যাংক। সর্বশেষ গত জানুয়ারিতে ফের ২৭০ দিন করে।
এবার চলমান ডলার সংকটে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে আমদানি মূল্য দেরিতে পরিশোধের সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক। এ সুযোগ আগামী ডিসেম্বর পর্যন্ত বহাল রাখা হবে।
অপর সার্কুলারে উৎপাদন ও রপ্তানি খাতের জন্য ইডিএফ তহবিল থেকে নেওয়া ঋণের সুদহার ১ শতাংশ বাড়িয়ে ৩ শতাংশ করা হয়েছে।
এরমধ্যে ১.৫ শতাংশ সুদে ব্যাংকগুলো ইডিএফ তহবিল থেকে ঋণ নিয়ে উদ্যোক্তাদের মাঝে ৩ শতাংশ সুদে বিতরণ করবে।
এর আগে কেন্দ্রীয় ব্যাংক ১ শতাংশ ও বাণিজ্যিক ব্যাংক ১ শতাংশ মিলিয়ে ২ শতাংশ সুদে ইডিএফ থেকে ঋণ পেতেন উদ্যোক্তারা।
পরের ঘোষণা না দেওয়া পর্যন্ত এই সুদহার বহাল রাখা হবে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।
