এক দিনে ৫০ পয়সা হারাল টাকা
রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের আঁচে পণ্য ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় আমাদানি খরচ বাড়ছে বাংলাদেশের; বাড়তি চাপে ব্যাংকগুলোকে প্রতিনিয়ত বৈদেশিক মুদ্রার জোগান দিতে গিয়ে আরও সস্তা হয়ে ৫০ পয়সা মান হারাল টাকা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার আন্তঃব্যাংক লেনদেনে বৈদেশিক মুদ্রা ডলার বিক্রি হয়েছে ৯৩.৯৫ টাকায়।
একদিন আগে ডলার লেনদেন হয়েছিল ৯৩ টাকা ৪৫ পয়সায়।
গত বছরের ১৩ জুলাই আন্তঃব্যাংকে ডলারের বিনিময় হার ছিল ৮৪.৯৫ টাকা। এতে এক বছরে ডলারের বিপরীতে টাকা মান হারিয়েছে ৯ টাকা বা ১০.৬০ শতাংশ।
ওই সময়ে বৈদেশিক মুদ্রা বিনিময় হার পদ্ধতি ‘ম্যানেজড এক্সচেঞ্জ রেট বা ফ্লোর রেট’ সরাসরি নিয়ন্ত্রণ করত বাংলাদেশ ব্যাংক।
গত ৩১মে বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণে সরাসরি নিয়ন্ত্রণ প্রথাটি কিছুটা শিথিল করা হয়। এরপর থেকেই টাকার মান ডলারের বিপরীতে সময়ে সময়ে কমছে।
ফাইল ছবি
এখন চাহিদা ও জোগানের মধ্যে ব্যাংকগুলোর একে অপরের কাছে সর্বোচ্চ যে দরে ডলার ক্রয়-বিক্রয় করে সেই দরটিকে বেছে নিয়ে ডলার বিক্রি করে বাংলাদেশ ব্যাংক।
ওই দরটিকে আন্তঃব্যাংক ডলার বিনিময় হার বলা হয়।
গভর্নরের দায়িত্ব নিয়ে আব্দুর রউফ তালুকদার গত মঙ্গলবার বৈদেশিক মুদ্রা বিনিময় হার নির্ধারণের বর্তমান পদ্ধতি নিয়ে বলেছিলেন, “পৃথিবীর কোনো দেশেই ফ্রি ফ্লোট রেট হয় না। সবাই বৈদেশিক মুদ্রার বিনিময় হার নিয়ন্ত্রণ করে থাকে। আমরাও বাজারের সঙ্গে সমন্বয় করছি যৌক্তিক হারে।”
এদিকে বৈদেশিক মুদ্রার জোগান দিতে সঙ্কটে থাকা ব্যাংকগুলোর কাছে প্রতিনিয়ত ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। ডলার সরবরাহ বাড়াতে গিয়ে টাকা আরও সস্তা হয়ে যাচ্ছে।
বুধবারও কয়েকটি ব্যাংকের কাছে ৯ কোটি ৭০ লাখ ডলার বিক্রি করা হয়েছে বলে জানান সিরাজুল ইসলাম।
নিয়মিত ডলার বিক্রি করায় বৈদেশিক মুদ্রার সঞ্চিতির উপরও প্রভাব পড়ছে। বুধবার রিজার্ভে স্থিতি দাঁড়িয়েছে ৩৯.৭৯ বিলিয়ন ডলার।
করোনাভাইরাস মহামারীর মধ্যেই ২০২০ সালের অক্টোবরে বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন প্রথমবারের মতো ৪০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে।২০২১ সালের অগাস্টে তা রেকর্ড ৪৮ দশমিক ০৬ ডলারে পৌঁছায়।
করোনাভাইরাসের দাপট কমে এলে অর্থনীতির চাকা গতি পেতে শুরু করে। তাতে আমদানির চাপ বেড়ে যায়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় আমদানি দায়ও বাড়তে থাকে।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের দুটি প্রধান খাত হচ্ছে তৈরি পোশাক রপ্তানি ও রেমিটেন্স। আমদানি দায়ের তুলনায় এই দুটি খাত থেকে বৈদেশিক মুদ্রা সেভাবে আসছে না।
তৈরি পোশাক রপ্তানি বাড়লেও রেমিটেন্সে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা দিচ্ছে। সদ্য সমাপ্ত অর্থবছরেও রেমিটেন্সে ১৫.১২ শতাংশ ঋণাত্বক প্রবৃদ্ধি হয়েছে।
আমদানি ব্যয় বৃদ্ধির তুলনায় রপ্তানি ও রেমিটেন্স সেভাবে না বাড়ায় ডলারের মজুদে টান পড়ে, ভারসাম্য ঠিক রাখতে বাংলাদেশকে টাকার মান কমিয়ে আনার পথে হাঁটছে বাংলাদেশ।
দুই মাস পর পর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সদস্যভুক্ত দেশগুলোর আমদানি দায় পরিশোধ করে বাংলাদেশ ব্যাংক। মে-জুন মাসের আকু বিল পরিশোধ, ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করায় বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন কমে ৪০ বিলয়নের নিচে নেমে গেছে।
সদ্য সমাপ্ত অর্থবছর (২০২১-২২) এ বিভিন্ন ব্যাংকের কাছে ৭.৬২ বিলিয়ন ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। অথচ আগের অর্থবছরে ডলার ক্রয়-বিক্রয় শেষে অতিরিক্ত ৮ বিলিয়ন ডলার বেশি কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক।
