২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রের অনুরোধে পায়রা নদীতে সেতু, সই হল চুক্তি

পটুয়াখালীর স্কুলছাত্র শীর্ষেন্দু বিশ্বাসকে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পায়রা নদীতে সেতু নির্মাণে বাংলাদেশ এবং কোরীয় কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2022, 06:17 PM

Updated : 25 Oct 2022, 10:19 AM

মঙ্গলবার রাজধানীর সেতু ভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে দক্ষিণ কোরীয় কোম্পানি সামহোয়ান করপারেশন এবং বাংলাদেশের মীর আখতার জয়েন্ট ভেঞ্চারের মধ্যে এ চুক্তি হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ২০২৫ সালের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পটুয়াখালী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শীর্ষেন্দু বিশ্বাস তার গ্রামের বাড়ি ঝালকাঠির মির্জাগঞ্জে যাওয়ার পথে পায়রা নদীতে একটি সেতু নির্মাণের অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিল ২০১৬ সালের অগাস্টে।

Image
ওবায়দুল কাদের। ফাইল ছবি

ওবায়দুল কাদের। ফাইল ছবি

ওই চিঠি পেয়ে সেখানে সেতু নির্মাণের আশ্বাস দিয়ে জবাব পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা, বাঙালির আস্থার প্রতীক এ শিশুটির আবেদনে সাড়া দিয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

কচুয়া-বেতাগী-পটুয়াখালী-লোহালিয়া-কালাইয়া সড়কে পায়রা নদীর ওপর পায়রাকুঞ্জ নামক স্থানে ১,৬৯০ মিটার দীর্ঘ সেতু নির্মাণের মাধ্যমে মির্জাগঞ্জ উপজেলার সঙ্গে পটুয়াখালী সদর এবং ঢাকার সরাসরি ও নিরবচ্ছিন্ন যোগাযোগ হবে।

সেতুটি নির্মাণে এক হাজার ৪২ কোটি টাকা সম্ভাব্য খরচ ধরা হয়েছে বলে জানান সেতুমন্ত্রী