২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজনে পেঁয়াজের আমদানি বন্ধের পক্ষে কৃষিমন্ত্রী

ভরা মওসুমে কৃষক পেঁয়াজের ন্যায্য মূল্য না পেলে প্রয়োজনে পেঁয়াজের আমদানি বন্ধ রাখার পক্ষে মত জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2022, 09:57 PM

Updated : 02 Aug 2022, 03:08 PM

তবে পেঁয়াজের আমদানি বন্ধ করে দিলে দেশে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায় বলেও স্বীকার করে নেন তিনি।

বর্তমানে দেশে উৎপাদিত পেঁয়াজে মোকাম পর্যায়ে কেজিতে ৩৫ টাকা থেকে ৪০ টাকা করে পাচ্ছেন চাষিরা। আবার প্রতি কেজি ২০ টাকা থেকে ২৫ টাকায় ভারতীয় পেঁয়াজও আসছে। ভারতীয় পেঁয়াজের আমদানির চাপ বেড়ে গেলে ভরা মওসুমে চাষীরা ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শঙ্কায় আছেন।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এনিয়ে প্রশ্ন করলে কৃষিমন্ত্রী বলেন, “আমরা এব্যাপারে খুবই সজাগ আছি, যাতে চাষিরা ন্যায্য মূল্য পায়। আমরা সেই দিকে লক্ষ্য রাখছি। প্রয়োজনে আবার আমদানি বন্ধ করে দেওয়া হবে।”

এই প্রসঙ্গে তিনি বলেন, “পেঁয়াজ উৎপাদন করে বাংলাদেশ ভাসিয়ে দেওয়া যায়। কিন্তু সমস্যা হচ্ছে পেঁয়াজ উৎপাদন করে সংরক্ষণ করা যায় না। ২/৩ মাস পর পেঁয়াজ নষ্ট হওয়া শুরু করে।

“এজন্য আমরা চাচ্ছি আগাম পেঁয়াজ করতে, যেন অক্টোবর-নভেম্বর মাসে বাজারে নতুন পেঁয়াজ থাকে। ওই সময়ে মজুদে ঘাটতি দেখা দেয়, দাম বেড়ে যায়। বিদেশ থেকে পেঁয়াজ আনতে হয়। ইন্ডিয়া সুযোগ পেলেই দাম বাড়িয়ে দেয়।”

আবার আমদানি বন্ধ করে দিলে তারও ভিন্ন প্রভাব পড়ার বিষয়টি স্বীকার করে রাজ্জাক বলেন, “এক বছর কৃষকদের দাম দিতে চাইলাম। কিন্তু তারা সুযোগ বুঝে দাম অনেক বাড়িয়ে দিল। এক লাফে দাম নিয়ে গেল ৬০ টাকায়।

“আবার মুড়িকাটা পেঁয়াজ যখন আসল দাম পড়ে গেলে একেবারে ১৫ টাকায়। তখনই আমরা পেঁয়াজের আমদানি নিয়ন্ত্রণ করলাম। তখনই কৃষকরা আবার দাম বাড়িয়ে দিল।”