২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক বীজ ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দুর্যোগকালের সংকট মোকাবিলায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থাকে (এফএও) একটি আন্তর্জাতিক বীজ ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2022, 08:19 PM

Updated : 02 Aug 2022, 03:06 PM

রোববার গণভবনে এফএও’র মহাপরিচালক (ডিজি) কু ডংইউয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।  

শেখ হাসিনা বলেন, “একটি আন্তর্জাতিক বীজ ব্যাংক প্রতিষ্ঠা করা হলে এটি শত শত বছর ধরে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে খাদ্য সংকট মোকাবেলায় সহায়ক হতে পারে।”

এ প্রসঙ্গে নেদারল্যান্ডসের অভিজ্ঞতাকে উদাহরণ হিসাবে বিবেচনা করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

এফএও’র ডিজিকে একটি উদ্ভাবনী প্রকল্প গ্রহণে সমন্বিত তহবিল গঠনের পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এ বিষয়ে ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছে।

বৈঠকে এফএও মহাপরিচালক আগামী ৩ থেকে ৭ অক্টোবর ইতালির রোমে অনুষ্ঠেয় বিশ্ব খাদ্য ফোরামের প্ল্যানারি স্পিকার হিসেবে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

সেইসঙ্গে বাংলাদেশের কৃষি খাতের উন্নয়ন প্রচেষ্টায় এফএও’র সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

ক্লাইমেট ভালনারেবল ফোরামভুক্ত দেশগুলো, বিশেষ করে ছোট দ্বীপ রাজ্যগুলোতে চাষের উপযোগী জমি দ্রুত হ্রাস পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও ‘অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পদ্ধতিতে’ বিষয়টি মোকাবিলা করতে খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালককে পরামর্শ দেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত তিনি দেশে রূপান্তর করতে কাজ করে যাচ্ছেন; যেখানে মানুষ উন্নত জীবন পাবে।  

১৯৯৬ সালের নভেম্বরে বিশ্ব খাদ্য সম্মেলনে অংশ নেওয়ার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি যখন সরকারের দায়িত্ব নেন, বাংলাদেশ তখন ‘মারাত্মক খাদ্য ঘাটতিতে’ ভুগছিল। সরকারের ‘নিরলস প্রচেষ্টায়’ বাংলাদেশ দুই বছরের মধ্যে খাদ্য উৎপাদনে ‘সামর্থ্যবান’ হয়ে উঠেছে।

জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া- লবণ, খরা, জলাবদ্ধতা সহিষ্ণু ফসলের বিভিন্ন জাতের বিকাশে বাংলাদেশের বিজ্ঞানী ও গবেষকরা যে কাজ করছেন, তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, খাদ্য নিরাপত্তা অর্জনের পর তার সরকার এখন সবার জন্য পুষ্টি নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে। চলমান কোভিড মহামারীর মত যে কোনো দুর্যোগ মোকাবেলায় তিনি খাদ্য সংরক্ষণ এবং খাদ্য প্রক্রিয়াকরণের ওপর জোর দিচ্ছেন।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩৬তম সম্মেলন ঢাকায় ‘সফলভাবে’ আয়োজনের জন্য ‘সন্তোষ’ প্রকাশ করেন এফএও মহাপরিচালক।

তিনি আরও বেশি করে খাদ্য ও অর্থকরী ফসল উৎপাদনে প্রধানমন্ত্রীর দৃঢ় রাজনৈতিক সমর্থনের প্রশংসা করেন।

অন্যদের মধ্যে কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম, রোমে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান এবং প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার বৈঠকে উপস্থিত ছিলেন।

এছাড়া এফএও সদর দপ্তরের (রোম) প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো, ব্যাংকক আঞ্চলিক অফিসের সহকারী মহাপরিচালক জং-জিন কিম এবং ঢাকায় এফএও’র প্রতিনিধি রবার্ট ডি সিম্পসনও উপস্থিত ছিলেন বৈঠকে।