বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট হলেন বাংলাদেশি জুনায়েদ
বাংলাদেশি অর্থনীতিবিদ জুনায়েদ কামাল আহমেদ বিশ্বব্যাংক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি এজেন্সির (এমআইজিএ) ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন।
ভাইস প্রেসিডেন্ট অপারেশন্স হিসেবে তার নিয়োগ আগামী ১৬ এপ্রিল কার্যকর হবে বলে এমআইজিএ এর ওয়েবসাইটে বলা হয়েছে।
বর্তমানে জুনায়েদ কামাল ভারতে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি হিসেবে ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন করছেন।
বিশ্বব্যাংক গ্রুপে ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি নিয়োগ পেলেন।
এমআইজিএ এর ওয়েবসাইটে বলা হয়েছে, আন্তর্জাতিক পরিসরে প্রতিযোগিতামূলক নিয়োগ প্রক্রিয়ায় তিনি এ পদের জন্য নির্বাচিত হয়েছেন।
আগামী ১৬ এপ্রিলের মধ্যে তিনি ওয়াশিংটন ডিসিতে এমআইজিএ এর প্রধান কার্যালয়ে নির্বাহী ভাইস প্রেসিডেন্টের কার্যালয়ে যোগদান করবেন।
জুনায়েদ কামাল দীর্ঘদিন ধরে বিশ্বব্যাংকের হয়ে বিভিন্ন দেশে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরে সংস্থাটি জানায়, দীর্ঘদিনের কাজের মধ্য দিয়ে তার বিপুল অভিজ্ঞতা ও দেশগুলোর সঙ্গে গভীর বোঝাপড়া আছে। এছাড়া বিশ্বব্যাংক গ্রুপের সদস্য দেশগুলোতে তিনি বিভিন্ন কাজে নেতৃত্ব দিয়েছেন।
একজন তরুণ পেশাজীবি হিসেবে ১৯৯১ সালে তিনি বিশ্বব্যাংকে যোগ দিয়ে আফ্রিকা ও পূর্ব ইউরোপের অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখেন। এসময় তিনি উদীয়মান বাজার ও উন্নয়নশীল অর্থনীতিতে উন্নয়ন প্রকল্পের জন্য বেসরকারি অর্থায়নের ব্যবস্থা করেন বলে ওয়েবসাইটে বলা হয়েছে।
জুনায়েদ কামাল আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার পাশাপাশি ভারত ও দক্ষিণ এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে বিশ্বব্যাংকের কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন। তিনি ২০০৪ সালে দরিদ্র মানুষের জন্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রণয়ন দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ফলিত অর্থনীতিতে পিএইচডি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমপিএ এবং ব্রাউন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে বিএ ডিগ্রি অর্জন করেছেন।
