২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সীমান্ত হাট মৌলভীবাজারে

মৌলভীবাজার জেলার কুরমাঘাট এবং ভারতের ত্রিপুরার ঢালাই জেলার কামালপুর সীমান্তে নতুন একটি সীমান্তহাটের যাত্রা শুরু হয়েছে।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2022, 12:47 AM

Updated : 02 Aug 2022, 02:50 PM

বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ত্রিপুরার শিল্প ও বাণিজ্যমন্ত্রী মোনজ কান্তি দেব সশরীরে উপস্থিত থেকে এই সীমান্তহাটের ভিত্তি স্থাপন করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পঞ্চম এই সীমান্ত হাটের ভিত্তিস্থাপনের অনুষ্ঠানের বিস্তারিত জানান হয়। 

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, সীমান্ত এলাকার কুড়িগ্রাম, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া এবং সুনামগঞ্জে চারটি বর্ডার হাট চালু রয়েছে, যার সুফল সীমান্ত এলাকার মানুষ পাচ্ছে। কুরমাঘাট-কামালপুর সীমান্তে বর্ডারহাটের ভিত্তিপ্রস্তর স্থাপন আরেকটি ঐতিহাসিক ঘটনা।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তরাঞ্চলে রপ্তানি বাণিজ্যের প্রচুর সম্ভাবনা রয়েছে। বাণিজ্য সুবিধা বৃদ্ধি করলে দুই দেশই লাভবান হবে।

ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ বাণিজ্যিক অংশীদার। ২০১০-২০১১ অর্থবছরে দ্বিপক্ষীয় বাণিজ্য ছিল ৫ দশমিক ১ বিলিয়ন ডলার। আর গত ২০২০-২০২১ অর্থ বছরে তা বেড়ে ৯ দশমিক ৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

এই বাণিজ্য আগামী কয়েক বছরের মধ্যে ২০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে মনে করছেন উভয়দেশের নীতি-নির্ধারকরা।  

চলমান সীমান্ত হাটগুলো থেকে সীমান্ত এলাকার মানুষ শাক সবজি, ফলমূল, মসলা, গামছা-লুঙ্গি থেকে শুরু করে কাপড়, প্লাস্টিক পণ্য, মাছ, মেলামাইন পণ্য, মধু, তৈরি পোশাক, ক্রোকারিজপণ্যসহ বিভিন্নপণ্য ক্রয়-বিক্রয় করার সুযোগ পাচ্ছেন।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুস শহীদ এবং ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কো-অপারেশনের চেয়ারম্যান টিংকু রায় ভিত্তি স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় বসবাসরত জনসাধারণ, যাদের নিকটবর্তী কোন হাট-বাজার নেই, তাদের জন্য সীমান্তহাট চালুর সিদ্ধান্ত নেন।

সে অনুযায়ী ২০১০ সালের ২২ অক্টোবর বাংলাদেশ-ভারত সীমান্তে বর্ডার হাট স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সাত বছর পর ৮ এপ্রিল ২০১৭ সালে সংশোধনীর মাধ্যমে পণ্যের তালিকা ও খরচের মাত্রা বাড়ানো হয়।

২০১১ সালের ২৩ জুলাই কুড়িগ্রাম সীমান্তে বালিয়ামারিতে প্রথম, ২০১২ সালের ১ মে সুনামগঞ্জের ডলারোতে দ্বিতীয়, ২০১৫ সালের ১৩ জানুয়ারি ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব মধুগ্রাম ও ছয়ঘড়িয়ার মধ্যবর্তী স্থানের সীমান্তে তৃতীয় হাট এবং ২০১৫ সালের ৬ জুন ব্রাহ্মণবাড়ীয়ার কসবা উপজেলার তারাপুর সীমান্তে চতুর্থ সীমান্ত হাট চালু করা হয়।