২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাইতে মূল্যস্ফীতি আরও কমেছে

খাদ্য পণ্যের দাম কমায় নতুন অর্থবছরের প্রথম মাসে সাধারণ মুল্যস্ফীতি আরও কিছুটা কমেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2021, 04:52 PM

Updated : 02 Aug 2022, 06:11 PM

পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে জুলাই মাসে দেশের সাধারণ মূল্যস্ফীতি কমে ৫ দশমিক ৩৬ শতাংশ হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আগের বছরের জুলাই মাসে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৫৩ শতাংশ। আর গত জুন মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছিল ৫ দশমিক ৬৪ শতাংশ।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদন তুলে ধরে মন্ত্রী এই তথ্য জানান।

এম এ মান্নান বলেন, মে মাসে খাদ্য উপখাতে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ০৮ শতাংশ, আগের বছরের জুলাই মাসে এ হার ছিল ৫ দশমিক ৭০ শতাংশ।

“তবে খাদ্য বহির্ভূত উপখাতের মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। জুলাই মাসে খাদ্য বহির্ভূত উপখাতে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৮০ শতাংশ, আগের বছরের জুলাই মাসে এ হার ছিল ৫ দশমিক ২৮ শতাংশ।”

তিনি বলেন, “প্রধানত খাদ্য পণ্যের দাম কিছুটা কমে আসায় মূল্যস্ফীতি কমে এসেছে।”

বিবিএস প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে বিশেষ করে ডিম, ব্রয়লার মুরগি, সবজির দাম কমেছে।

তবে কোরবানির ঈদকে কেন্দ্র করে কিছু সবজি ও মসলা জাতীয় পণ্যের দাম কিছুটা বেড়েছে।

অন্যদিকে খাদ্য বহির্ভূত উপখাতের বেশ কিছু নিত্যপণ্যের দাম কিছুটা বেড়ে যাওয়ায় এ খাতের মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। তবে সার্বিকভাবে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি আগের বছরের একই মাসের তুলনায় কিছুটা কমে এসেছে।