২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরে চালু হচ্ছে চিলাহাটি-হলদিবাড়ি রেললাইন: রেলমন্ত্রী

আগামী ডিসেম্বরে নীলফামারীর চিলাহাটি ও ভারতের কুচবিহারের হলদিবাড়ির মধ্যে রেললাইন চালু হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2020, 07:12 PM

Updated : 18 Aug 2022, 03:56 PM

বুধবার রেলপথ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রেলভবনে নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে বৈঠকে মন্ত্রী কথা জানান। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনার শুরুতেই চিলাহাটি-হলদিবাড়ি নতুন রেললাইন উদ্বোধন ও ট্রেন চালানোর বিষয়ে আলোচনা হয়।

রেলপথ মন্ত্রী হাই কমিশনারকে জানান, ডিসেম্বরে বিজয় দিবস উপলক্ষে উভয় দেশের প্রধানমন্ত্রী নতুন আন্তঃদেশীয় যোগাযোগ উদ্বোধন করবেন এবং শুরুতে পণ্যবাহী ট্রেন চলবে।

গত ৯ অক্টোবর চিলাহাটি ও হলদিবাড়ি রেলপথ সংযোগ স্থাপন শেষে ৫৫ বছর পর সীমান্ত ছুঁয়ে পরীক্ষামূলক চলাচল করেছে ভারতীয় একটি রেলইঞ্জিন।

এছাড়া আগামী বছরের ২৬ মার্চ উপলক্ষে ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত একটি যাত্রীবাহী ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান মন্ত্রী।

রেলপথ মন্ত্রী আলোচনায় বলেন, বঙ্গবন্ধু রেল সেতুর কাজ আগামী মাসে শুরু হবে। এই সেতুটি নির্মিত হলে দেশের রেল যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হবে। এছাড়া মিটারগেজ লাইনকে পর্যায়ক্রমে ডুয়েল গেজে রূপান্তর করার প্রক্রিয়া চলছে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প চালু হলে ভারতীয় ট্রেনের যশোরের বেনাপোল থেকে সহজে এবং কম সময়ে পণ্য ও যাত্রী ঢাকায় পরিবহন করা সম্ভব হবে।

ভারতীয় হাই কমিশনার বাংলাদেশ রেলওয়েতে ক্যাটারিং সার্ভিস এবং ট্রেনিং একাডেমি উন্নয়নের আগ্রহ প্রকাশ করেন। রেলপথ মন্ত্রী বাংলাদেশের রেলের কর্মকর্তা-কর্মচারীদের ভারতে প্রশিক্ষণের বিষয়ে সহযোগিতা কামনা করেন ।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান এসময় উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

চিলাহাটী-হলদীবাড়ি রেলপথে সংযোগ, পরীক্ষামূলক চলল ভারতীয় রেল ইঞ্জিন