২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারিদ্র্য জয়ের যাত্রায় করোনাভাইরাসে উল্টোরথ

দক্ষিণ এশিয়ার লাখ লাখ নারীর মতো শাহিদা খাতুনও পরিবারের দারিদ্র্য ঘোচাতে একদিন গ্রামের স্কুল ছেড়ে পাড়ি জমান শহরে; কাজ শুরু করেন একটি তৈরি পোশাক কারখানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2020, 01:04 PM

Updated : 10 Oct 2022, 07:09 PM

মাত্র ১২ বছর বয়সী কিশোরী সেলাইয়ের কাজ থেকে মাসে যে ৩০ ডলার মজুরি পেতেন, তা দিয়ে নিজের ও দূরে তার পরিবারের নিয়মিত খাবার যোগাতেন।

এক দশক পরে শাহিদার বেতন বেড়ে হয়েছিল তিনগুণ; পরিবারের ভাল থাকা-খাওয়ার পাশাপাশি ১৮ মাস বয়সী ছেলের উন্নত জীবনের চিন্তাও করতে পারতেন তিনি।

কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বের অন্য দেশের মতো মার্চে বাংলাদেশেও যখন লকডাউন দেওয়া হলো তখন শাহিদা ও তার স্বামী চাকরি চলে যায়। যে অন্ধকার পেছনে ফেলে এসেছিলেন বলে তিনি ভেবেছিলেন, সেই অন্ধকারেই তাকে ঠেলে দিয়েছে মহামারী।

পুরনো সেই ক্ষুধার জ্বালা এখন তাকে সইতে হচ্ছে। এক মুঠো খাবার যোগাতে তাকে এখন স্থানীয় মোদি দোকানির কাছে ঋণী হতে হচ্ছে।

২২ বছর বয়সী শাহিদা সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসকে বলেন, “পোশাক কারখানা আমাকে ও আমার পরিবারকে দারিদ্র্য থেকে তুলে এনেছিল। কিন্তু করোনাভাইরাস আমাকে আবার সেখানেই ফেলে দিয়েছে।”

শাহিদার মত এমন লাখ লাখ শ্রমিকের কঠোর পরিশ্রমের ফলে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব যা অর্জন করেছিল, তা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে করোনাভাইরাসের কারণে।

Image
কাজ নেই, ঘরে চালও নেই।কিভাবে চলবে দিনগুলো, ভেবে কুল পান না বিউটি আক্তার। তিনিও রাজমিস্ত্রীর সহযোগীর কাজ করেন, কোনো সাহায্যও জোটেনি আজ পর্যন্ত। ছবি: আসিফ মাহমুদ অভি

কাজ নেই, ঘরে চালও নেই।কিভাবে চলবে দিনগুলো, ভেবে কুল পান না বিউটি আক্তার। তিনিও রাজমিস্ত্রীর সহযোগীর কাজ করেন, কোনো সাহায্যও জোটেনি আজ পর্যন্ত। ছবি: আসিফ মাহমুদ অভি

বিশ্ব ব্যাংক বলছে, ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বে দারিদ্র্যের হার বাড়বে। জাতিসংঘের হিসাবে,করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে লকডাউনের মধ্যে বেকারত্বের বিশাল ঢেউয়ে এ বছরের শেষ নাগাদ বিশ্বের প্রায় ৮ শতাংশ অর্থাৎ ৫০ কোটি মানুষ বিপর্যয়ের মধ্যে পড়বে।

এই ভোগান্তি সবারই হবে, উন্নয়নশীল দেশগুলোতে হবে তীব্রতর। বিশ্ব ব্যাংকের হিসাবে, গত ২৫ বছরের মধ্যে প্রথম আফ্রিকার সাহারা অঞ্চলে মন্দা দেখা দেবে, যেখানে পুরো মহাদেশ অর্ধেক চাকরি হারাবে। আর দক্ষিণ এশিয়ার অর্থনীতি চার দশকের মধ্যে সবচেয়ে বাজে পরিস্থিতে পড়বে।

সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে অনানুষ্ঠানিক খাত, যেখানে প্রায় ২০০ কোটি কর্মীর বেকার সুবিধা বা স্বাস্থ্য সহায়তার কোনো সুযোগ নাই। নিউ ইয়র্ক টাইমস বলছে, লকডাউনের কারণে বাংলাদেশে শাহিদার মত প্রায় ১০ লাখ তৈরি পোশাক শ্রমিক চাকরি হারিয়েছে।

ভাইরাসের প্রাদুর্ভাব চলে গেলেও অর্থনীতির এই যে ধাক্কা তা দীর্ঘতর হবে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের মতো যেসব দেশ মানুষের স্বাস্থ্য সেবা ও শিক্ষার উন্নয়নে কর্মসূচি নির্ভর, সেসব দেশ নগদ টাকার জন্য তহবিল সঙ্কটে পড়বে।

অর্থনীতিতে নোবেলজয়ী বাঙালি অধ্যাপক অভিজিৎ ব্যানার্জি বলেন, এই যে নারীদের কর্মক্ষেত্রে প্রবেশ করে পরিবারকে দারিদ্র্য থেকে টেনে তোলার এবং পরিবারগুলোর লড়াইয়ের গল্প, সেগুলো সহজে ধ্বংসের মুখে পড়বে।

“অনেক মানুষ যারা মই বেয়ে চূড়ায় উঠেছিল, তারা আবার নিচে পড়ে যাবে। শুধু টিকে থাকার জন্য লড়তে থাকা নাজুক অস্তিত্বের এত মানুষ এখন আবার এমন দারিদ্রের মধ্যে পড়বে তা থেকে বের হওয়ার তাদের কোনো উপায় নেই।”

দারিদ্র্য হ্রাসের বৈশ্বিক অর্জন ঝুঁকির মধ্যেই পড়ায় বৈশ্বিক অসমতা ও করণীয় বিষয়ে আমাদের আগের দিনে ফিরে যেতে হবে। ১৯৯০ সালে বিশ্বের জনসংখ্যার ৩৬ শতাংশ বা ১৯০ কোটি মানুষ দিনে ১.৯০ ডলারেরও কম আয় করত। ২০১৬ সাল নাগাদ সেসব মানুষের সংখ্যা কমে ৭৩ কোটি ৪০ লাখে নেমে এসেছিল, যা মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ। এই উন্নতির পেছনে বড় অবদান ছিল দক্ষিণ এশিয়া ও চীনের অগ্রগতি।

জাতিসংঘের হিসাবে, এশিয়ার সর্বোচ্চ অনেক অর্জনই হয়েছে ভারতে, যেখানে ২০০৬ থেকে ২০১৬ সালের মধ্যে ২০ কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছে। ২০০০ সালের পর বাংলাদেশ তিন কোটি ৩০ লাখ মানুষ বা মোট জনসংখ্যার ১০ শতাংশকে দরিদ্র্য থেকে তুলে আনতে সক্ষম হয়েছে, যেখানে সরকার মেয়ে শিশুদের শিক্ষা, বয়স সীমা বৃদ্ধি ও সাক্ষরতার উন্নয়নের ব্যয় করেছে। মহামারির মতো দুর্ভিক্ষ দক্ষিণ এশিয়া থেকে প্রায় উধাও হয়ে গেছে; মানুষ রোগ ও ক্ষুধা থেকে অনেকটাই মুক্ত।

কিন্তু বিশেষজ্ঞদের আশঙ্কা, সেই অগ্রগতি হয়তো এখন উল্টো পথে মোড় নেবে। বিশ্বজুড়ে মন্দার মধ্যে অর্থনৈতিক সংকটের কারণে স্থবির প্রবৃদ্ধি মোকাবিলায় সরকারগুলোকে হয়তো দারিদ্র্য দূরীকরণ কর্মসূচির তহবিলে কাটছাঁট করতে হবে।

২০৩০ সালের মধ্যে সকলের জন্য শিক্ষার সুযোগ নিশ্চিতে এবং দারিদ্র্য ও ক্ষুধা নির্মূলে জাতিসংঘ রেজুলেশন কমিটির লক্ষ্য অধরা স্বপ্নে পরিণত হতে পারে।

এখন পর্যন্ত ৯০টির বেশি দেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে সহায়তা চেয়েছে। কিন্তু সবাই আক্রান্ত হওয়ায় উন্নয়নশীল দেশগুলোর জন্য চাহিদামত বড় অঙ্কের তহবিল হয়তো যোগানো সম্ভব হবে না।

অভিজিৎ ব্যানার্জি বলেন, বিশাল অংশের মানুষের বিপর্যয়ের মধ্যে পড়া ঠেকাতে সরকারি ব্যয় বাড়াতে হবে। মার্শাল প্লানের মতো সরকারি ব্যয়ে বিশাল কর্মসূচি নেওয়ার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো সংকটের পরও অর্থনীতি ঘুরে দাঁড়াতে পেরেছিল।

তবে মহামারীর কারণে বেকার হয়ে পড়া মানুষের জন্য এখন পর্যন্ত যে অর্থনৈতিক প্রণোদনা প্যাকেজ এবং সহায়তা দেওয়া হচ্ছে তা উন্নয়নশীল বিশ্বে অনেকাংশেই খুবই দুর্বল অথবা নাই বললেই চলে।

যেখানে দরিদ্র ও ক্ষুদ্র ব্যবসার সহায়তায় যুক্তরাষ্ট্র প্রায় ৩ লক্ষ কোটি ডলার ঘোষণা করেছে, সেখানে আমেরিকার চেয়ে চারগুণ জনসংখ্যা ১৩০ কোটির ভারত ব্যয় করবে মাত্র দুই হাজার ২২৫ কোটি ডলার। আর বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ পাকিস্তান মাত্র ৭৫০ কোটি ডলারে প্রতিশ্রুতি দিয়েছে, যেখানে জাপান ৯৯ হাজার কোটি ডলার ব্যয় করবে।

চলতি সপ্তাহে বাংলাদেশ পোশাক কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে ভাইরাস সংক্রমণ মারাত্মক আকার ধারণ করতে পারে অনেকে শঙ্কা প্রকাশ করছেন।

তবে শাহিদার কারখানার মালিক শ্রমিকদের বলেছেন, মহামারী চলে গেলেও তারা হয়তো আর কাজ ফিরে পাবেন না। কারণ পশ্চিমা দেশগুলোতে কাপড়ের চাহিদা কমে গেছে, কারখানা হয়তো বন্ধই রাখতে হবে।

প্রতিবেশীদের সঙ্গে বাথরুম ও রান্নাঘর ভাগাভাগি করে ১০ বর্গফুটের যে ঘরে এখন শাহিদা থাকেন, ভাড়া দিতে না পারায় তা হয়তো মালিক হয়তো তাদের সেখান থেকে বেরই করে দেবেন। সেক্ষেত্রে এক দশক আগে শৈশবে জীবনে উন্নয়নের জন্য যে গ্রাম ছেড়ে এসেছিলেন, সেখানে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না তার।

শাহিদা বলেন, “আমার একমাত্র স্বপ্ন আমার ছেলেকে উপযুক্ত শিক্ষা দেওয়া । ... কিন্তু সেই স্বপ্ন এখন অদৃশ্য হওয়ার পথে।”