কোভিড-১৯: স্বাস্থ্যসেবার উন্নয়নে ১০ কোটি ডলার দিচ্ছে এডিবি
নভেল করোনাভাইরাস মহামারীর মোকাবেলায় বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের জরুরি চাহিদা পূরণে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক।
বৃহস্পতিবার এই ঋণ অনুমোদন করা হয় বলে সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
‘কোভিড-১৯ জরুরি সহায়তা প্রকল্পের’ আওতায় বাংলাদেশে জরুরিভিত্তিতে ভাইরাসের নমুনা পরীক্ষার সরঞ্জাম সংগ্রহ, স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়ন, মহামারীতে দ্রুত সাড়া দেওয়া, প্রতিরোধ ও নজরদারির সক্ষমতা বাড়ানোর কাজে এই অর্থ ব্যয় করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এডিবির ভাইস প্রেসিডেন্ট শিজিন চেন বলেন, “বাংলাদেশের আর্থ-সামাজিক সাফল্যের পথে কোভিড-১৯ মহামারী যখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তখন এডিবি পাশে এসে দাঁড়িয়েছে।
“এই প্রকল্প জরুরি স্বাস্থ্য সরঞ্জাম সংগ্রহ ও সরবরাহ, রোগ নির্ণয় ব্যবস্থা এবং স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে কোভিড-১৯ মোকাবেলার শক্তি অর্জনে বাংলাদেশকে সহায়তা করবে।”
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকল্পের আওতায় ১৭টি মেডিকেল কলেজে আইসোলেশন এবং সিসিইউ ব্যবস্থা গড়ে তোলা হবে। এছাড়া কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার সুবিধা বাড়াতে ১৯টি পরীক্ষাগারের মানোন্নয়ন করা হবে।
কোভিড-১৯ মোকাবেলায় ৫০ শতাংশ নারীসহ সাড়ে তিনহাজার স্বাস্থ্যকর্মীকে আধুনিক প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি আরও স্বাস্থ্যকর্মী নিয়োগ ও টেকনিক্যাল স্টাফদের সহযোগিতা্ও দেওয়া হবে প্রকল্প থেকে।
বাংলাদেশে এর আগেও বিভিন্ন জরুরি পরিস্থিতিতে সহায়তা দিয়েছে এডিবি। কোভিড-১৯ মহামারী শুরুর পর স্বাস্থ্য সেবার বিভিন্ন সরঞ্জাম সংগ্রহের জন্য এর আগে সাড়ে তিন লাখ ডলার জরুরি অনুদান ছাড় করেছে সংস্থাটি।
এছাড়া চলমান বিভিন্ন প্রকল্পে ২২ হাজারের বেশি প্রশিক্ষণার্থীর দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ অব্যাহত রাখতে এককালীন ১৩ লাখ ডলার নগদ সহায়তাও দিয়েছে।
কোভিড-১৯ মহামারী মোকাবেলায় এডিবি তার তহবিলের আকার তিনগুণ বাড়িয়ে দুই হাজার কোটি ডলারে উন্নীত করার পাশাপাশি উন্নয়নশীল সদস্য দেশগুলো যাতে তাদের অর্থনীতি এবং স্বাস্থ্য ব্যবস্থার ওপর মহামারীর ধাক্কা সামলাতে পারে, সেজন্য যাতে তারা দ্রুত ও সহজে সহায়তা পেতে পারে, সে পদক্ষেপও নিযেছে।
