২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৭-০৮ এর অভিজ্ঞতায় কৃষকদের দিকে নজর দেওয়ার পরামর্শ

করোনাভাইরাস সংকট পরবর্তী সময়ে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য এখনই দেশের কৃষকদের প্রয়োজন মেটাতে বিশেষ উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা স্কুল অব ইকনোমিকসের সহযোগী অধ্যাপক এ কে এম নজরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2020, 05:25 PM

Updated : 10 Oct 2022, 07:08 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অর্থনীতিবিদ বলেছেন, লকডাউনের মধ্যে সব ধরনের কর্মকাণ্ড বন্ধ থাকলেও কৃষি বন্ধ নেই। একমাত্র কৃষিই পারে দেশের মানুষকে খাদ্য সংকটে পড়া থেকে উদ্ধার করতে।  

অধ্যাপক নজরুল ইসলাম বলেন, “বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান ১৪ শতাংশের মতো, কিন্তু বাংলাদেশের প্রায় ৪১ শতাংশ জনবল এই খাতে কাজ করে। এই খাতের সবচেয়ে বড় গুরুত্ব হচ্ছে এই খাতের সাথে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জড়িত।

“করোনাভাইরাস পরবর্তী সময়ে এই কৃষিই পারে আমাদের দুর্ভিক্ষের মতো বড় সমস্যা থেকে বাঁচাতে। কারণ এ রকম সময় আসতে পারে আমাদের হয়ত আমদানি করার টাকা থাকবে কিন্তু আমরা খাদ্য আমদানি করতে পারব না।

“২০০৭-০৮ সালে একবার এ রকম হয়েছিল যে, সরকার সারা বিশ্বের কোথাও থেকে চাল আমদানি করতে পারেনি।”

সেই ধরনের পরিস্থিতিতে যাতে আবার পড়তে না হয় সেজন্য কৃষকের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত, উত্পাদিত পণ্য সরকারি ব্যবস্থাপনায় পরিবহন, কৃষক যেন বীজ পায় তা নিশ্চিত করা এবং সরকারের দেওয়া প্রণোদনা প্যাকেজের ঋণ সহায়তা যেন প্রকৃত কৃষক পায় তা নিশ্চিত করার ওপর জোর দেন অর্থনীতির অধ্যাপক নজরুল ইসলাম।

কৃষকের সংকটের চিত্র তুলে ধরে তিনি বলেন, “বর্তমানের লকডাউন পরিস্থিতিতে কৃষক তাদের পণ্যের দাম পাচ্ছে না, বিক্রি করতে পারছে না। এভাবে চলতে থাকলে কৃষক তার মূলধন হারিয়ে ফেলবে।”

করণীয় সম্পর্কে এই অর্থনীতিবিদ বলেন, “সরকার এখন যেটা করতে পারে প্রতি উপজেলায় খালি জায়গা আছে সেখানে সপ্তাহে দুদিন হাটবাজার বসাতে পারে। ঢাকা থেকে সেখানে গাড়ি যাক, সেগুলো সংগ্রহ করুক। সরকার নিজেও চাইলে সেগুলো সংগ্রহ করে সরবরাহ করতে পারে। এর ফলে কৃষক টাকা পাবে বেঁচে থাকবে।

“খুব দ্রুত কৃষকদের বীজ, সার অর্থাৎ আবাদে যেসব জিনিসপত্র প্রয়োজন সেগুলো সরবরাহ করতে হবে। বর্তমান লকডাউনে কৃষক এগুলো পাচ্ছে না। যে কোনো মূল্যে এটা নিশ্চিত করতে হবে ।না হলে কিন্তু কৃষকরা অনেক বড়ভাবে ক্ষতিগ্রস্ত হবে, এটা সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে।”

প্রণোদনার অর্থ প্রকৃত কৃষকের হাতে পৌঁছানোর ব্যবস্থা জোরদারের পরামর্শ দিয়ে তিনি বলেন, “সরকার যে প্রণোদনা ঘোষণা করেছে কৃষকদের জন্য, সেটা কিন্তু প্রান্তিক কৃষক পায় না। টাকা চলে যায় কৃষক নামে বড় ব্যবসায়ীদের কাছে। যদিও বা সামান্য কিছু টাকা কৃষক পায় তাদের ঘুষ দিয়ে অনেক খরচ পড়ে যায়।

“কৃষককে তখন আবার ফিরে যেতে হয় মাসে ১০ শতাংশ হারে সুদ নিচ্ছে এই ধরনের লোকের কাছে। সরকারকে নিশ্চিত করা দরকার প্রণোদনার টাকা যেন কৃষক পায়- এর কোনো বিকল্প নেই। এর জন্য যা যা প্রয়োজন তা সরকারকে করতে হবে।”